বেলের অভিষেকে পয়েন্ট খোয়ালো রিয়াল
রিয়াল মাদ্রিদে অভিষেকেই গোল পেয়েছেন দলবদলের বাজারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। তবে শনিবার স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে মৌসুমে প্রথম বারের মতো পয়েন্ট হারিয়েছে তার দল।
রেকর্ড ১০ কোটি ইউরোয় টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে আসা বেলের লক্ষ্যভেদে খেলায় ১-১ সমতা আনে রিয়াল। এর আগে ২১ মিনিটে কানির গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল।
ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজামার সঙ্গে ত্রিমুখী আক্রমণে যান বেল। দুই সতীর্থ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দানিয়েল কারভাহালের ক্রস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি তার।
৬৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। তার জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে গতিপথ পাল্টে জালে জড়িয়ে যায়।
এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। গোল হজম করে মরিয়া হয়ে ওঠা ভিয়ারিয়াল প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। বেশ কয়েকবার তাদের হতাশ করেন রিয়াল গোলরক্ষক দিয়েগো লোপেস।
৭০ মিনিটে মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডার জিওভানি দস সান্তোসের জোরালো শট লোপেসকে ফাঁকি দিয়ে খেলায় ২-২ সমতা নিয়ে আসে।
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম গোলের পর গ্যারেথ বেলের উদযাপন। ছবি: রয়টার্স
আলেক্সিস সানচেজের অতিরিক্ত সময়ের গোলে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে আলমেরিয়াকে।
শনিবার লা লিগার অন্য ম্যাচে লেভান্তে গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।
৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ও ভিয়ালিয়ালের পয়েন্ট ১০। বর্তমান চ্যাম্পিয়ন বার্সোলোনা ও আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে তারা। তবে গোল ব্যবধানে রিয়ালকে ছাড়িয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।
| ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট | |
| বার্সেলোনা | ৪ | ৪ | ০ | ০ | ১০ | ১২ |
| আতলেতিকো মাদ্রিদ | ৪ | ৪ | ০ | ০ | ১০ | ১২ |
| ভিয়ারিয়াল | ৪ | ৩ | ১ | ০ | ৫ | ১০ |
| রিয়াল মাদ্রিদ | ৪ | ৩ | ১ | ০ | ৪ | ১০ |
| আথলেতিক বিলবাও | ৩ | ২ | ০ | ১ | ১ | ৬ |
