২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার নাটকীয় জয়

টানা তিন জয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখার ‘মিশন’ শুরু করা বার্সেলোনা চতুর্থ ম্যাচে আরেকটু হলেই হোঁচট খেতে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে অ্যালেক্সিস সানচেসের লক্ষ্যভেদ সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় এনে দিয়েছে তাদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 02:08 AM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

বেলের অভিষেকে পয়েন্ট খোয়ালো রিয়াল

ঘরের মাঠে দানি আলভেস ও লিওনেল মেসির গোলে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা।

কিন্তু ৮০ মিনিটে ইভান রাকিতিচ ও নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার ঠিক আগে কোকের গোল সমতায় ফেরায় সেভিয়াকে।

শেষ বাঁশির ঠিক আগে মরিয়া হয়ে ডান দিক দিয়ে বক্সের ভেতর ঢুকে পড়া মেসির দুর্দান্ত ক্রস থেকে গোল করে বার্সার তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত করেন সানচেস।

Image
হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেস। ছবি: রয়টার্স

হেডে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেস। ছবি: রয়টার্স

ম্যাচের ৩৬ মিনিটে বার্সাকে অপ্রত্যাশিত হেডে গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ব্রাজিল ডিফেন্ডারর দানি আলভেস।

ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা ব্রাজিল তারকা নেইমার বানিয়ে দেন দ্বিতীয় গোলটি। বাঁ দিক থেকে নেইমারের গড়ানো পাসে মেসি যখন বলটা জালে জড়িয়ে দেন তখন খেলার বাকি আর ১৫ মিনিট। চারবারের বিশ্বসেরা ফুটবলারের এটা লা লিগায় ষষ্ঠ গোল।

ম্যাচে বেশিরভাগ সময় বার্সার খেলোয়াড়দের পায়ে বল থাকলেও পাল্টা আক্রমণে প্রায়ই উঠে আসছিল সেভিয়া। ম্যাচের ১০ মিনিট বাকি থাকতে এমনই এক পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় অতিথিরা। অসাধারণ দৌড়ে ডিবক্সের ভেতর ঢুকে ভিতোলোর বাড়ানো বল জালে জড়ান ক্রোয়েশিয়ার রাকিতিচ।

এর পর বেশ কয়েকবারই বার্সার রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পায় সেভিয়ার পাল্টা আক্রমণে।

৯০ মিনিটে এই রাকিতিচের কর্নার থেকে অসাধারণ এক ভলিতে ক্যাম্প নিউকে থমকে দেন কোক।

এরপরই মঞ্চস্থ হয় ইনজুরি সময়ের নাটক। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ডিবক্সে ঢুকে পড়া মেসিকে কেউই রুখতে পারেনি। বাইলাইনে গিয়ে কোনোমতে বলটাকে ফেরত পাঠান মেসি, যা থেকে গোল করে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন চিলির ফরোয়ার্ড সানচেস।

জিতেছে আরেক স্বাগতিক আতলেতিকো মাদ্রিদও। আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে তারা। গতবার তৃতীয় হওয়া আতলেতিকোর চার গোলদাতা ডাভিদ ভিয়া, দিয়েগো কস্তা, তিয়াগো ও রাউল গার্সিয়া।

Image
আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আতলেতিকো। একটি গোলের পর ডাভিদ ভিয়াকে ঘিরে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স।

আলমেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আতলেতিকো। একটি গোলের পর ডাভিদ ভিয়াকে ঘিরে সতীর্থদের উদযাপন। ছবি: রয়টার্স।

চার ম্যাচ থেকে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ- দুই দলেরই পয়েন্ট ১২।

শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ হোঁচট খেয়েছে চতুর্থ ম্যাচে এসে। বিশ্বের সবচেয়ে দামি দুই ফুটবলার গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেলেও ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে মৌসুমে প্রথম বারের মতো পয়েন্ট হারিয়েছে তারা।

৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়ালের পয়েন্ট ১০। তবে গোল ব্যবধানে রিয়ালকে ছাড়িয়ে তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল।

শনিবার রাতে লা লিগার অন্য ম্যাচে লেভান্তে গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।

 ম্যাচজয়ড্রহারগোল পার্থক্যপয়েন্ট
বার্সেলোনা৪৪০০১০১২
আতলেতিকো মাদ্রিদ৪৪০০১০১২
ভিয়ারিয়াল৪৩১০৫১০
রিয়াল মাদ্রিদ৪৩১০৪১০
আথলেতিক বিলবাও৩২০১১৬