'সবাইকে ছাড়িয়ে যাবে নাদাল'
বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ মনে করেন, শিগগিরই শীর্ষস্থান দখল করবেন তাকে হারিয়ে ইউএস ওপেন জেতা রাফায়েল নাদাল। আর রজার ফেদেরারের ১৭টি গ্রান্ড স্লাম জয়ের রেকর্ড ভাঙ্গারও যথেষ্ট সময় এই স্প্যানিয়ার্ডের আছে বলেই তার বিশ্বাস।
সোমবার রাতে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) ইতিহাস গড়া দ্বৈরথে জোকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতেন নাদাল। এটি তার ১৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
এখন ২৭ বছর বয়সী নাদালের সামনে আছে ১৪টি গ্র্যান্ড স্লাম জেতা পিট সাম্প্রাস ও রজার ফেদেরার (১৭টি)।
জোকোভিচ বলেন, "২৭ বছর বয়সেই ১৩ গ্র্যান্ড স্লাম জয় বিশাল ব্যাপার। সে (নাদাল) অবশ্যই অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। আরো অনেক বছর ধরেই সে খেলে যাবে।"
গত বছরের শেষ ছয় মাস ও এ বছরের শুরুর দিকে হাটুর চোটের কারণে খেলতে পারেননি নাদাল। তাই তার র্যাঙ্কিং পয়েন্ট কমে যায়। তাই খুব খারাপ না খেললে অথবা আবার চোটে না পড়লে বছর শেষে র্যাঙ্কিংয়ে জোকোভিচকে ছাড়িয়ে শীর্ষস্থান পাবেন তিনি।
এ ব্যাপারে জোকোভিচ বলেন, "এ বছর সে অনেক জিতেছে। এ বছর তার এক নম্বর হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে।
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
নাদালের সঙ্গে এ দ্বৈরথে এগিয়ে যাওয়ার প্রত্যয় জোকোভিচের কণ্ঠে, "এটা আমার জীবনেরই অংশ। অনেক সময়ই আপনি ব্যর্থ হবেন। কিন্তু আপনাকে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগুতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে, উন্নতি করতে হবে।"
"আমার বয়স এখন ২৬। আমি মনে করি সামনে আমার ক্যারিয়ারের সেরা সময়টা আসছে", আশাবাদ জোকোভিচের।
এ নিয়ে টানা দুই মৌসুম বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জিতেও অন্য তিনটিতে ব্যর্থ হলেন জোকোভিচ। আরেকটা গ্র্যান্ড স্লাম জিততে পারলে বছরটা নাদালের মতোই তৃপ্তি নিয়ে শেষ করতে পারতেন তিনি।
"আশা করছিলাম আরেকটা শিরোপা জিতবো। কিন্তু রাফা (নাদাল) আমার চেয়ে ভালো খেলেছে। তাই জয়টা তারই প্রাপ্য ছিল।"
