২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরচের রেকর্ড ইপিএলে, লাভ লা লিগার

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলোয়াড় কিনতে ক্লাবগুলোর মোট খরচ আগের সর্বোচ্চ ব্যয়কে ছাড়িয়ে গেছে। খেলোয়াড় কিনতে দলগুলো এবার খরচ করেছে প্রায় ৬৩ কোটি পাউন্ড (৭৪ কোটি ৩০ লাখ ইউরো)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

ইপিএলের ক্লাবগুলো এর আগে সবচেয়ে বেশি খরচ করেছিল ২০০৮ সালে, ৫০ কোটি পাউন্ড।

মঙ্গলবার ডেলোয়েট নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান রেকর্ডের এইসব উপাত্ত উপস্থাপন করে। সংস্থাটির পরামর্শক ড্যান জোনস বলেন, “এবারের গ্রীষ্মের দলবদল নতুন রেকর্ডের জন্ম দিয়েছে। খরচের দিক থেকে এটা প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড, বিশ্বের দলবদলেও তা রেকর্ড।”

সবচেয়ে উল্লেখযোগ্য খরচ হয়েছে দলবদলের শেষ দিনে। রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লন্ডনের ক্লাব আর্সেনালে যোগ দিয়েছেন জার্মানির মেসুত ওজিল।

‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালের ইতিহাসে ওজিলই এখন সবচেয়ে দামি খেলোয়াড়।   

তবে খেলোয়াড় কেনা-বেচায় এবার ইংল্যান্ডের সবচেয়ে বড় নাম টটেনহ্যাম হটস্পার। ফরোয়ার্ড গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে তারা আয় করেছে প্রায় আট কোটি ৫০ লাখ পাউন্ড। তবে খেলোয়াড় কিনতে দলটি ব্যয় করেছে প্রায় ১০ কোটি পাউন্ড।

ইউরোপের অন্যান্য লিগগুলো খরচের দিক থেকে ইপিএল এর চেয়ে অনেক পিছিয়ে। খেলোয়াড় কিনতে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৯৭ লাখ ইউরো খরচ করেছে ইতালিয়ান সেরি আর দলগুলো। আর স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগার দলগুলো ব্যয় করেছে যথাক্রমে ৩৯ কোটি ও ২৬ কোটি ৩৩ লাখ ইউরো।

খেলোয়াড় কিনতে খরচ করার ক্ষেত্রে জনপ্রিয় লিগ লা লিগা পিছিয়ে থাকলেও লাভের দিক দিয়ে কিন্তু ওরাই এগিয়ে। স্পেনের দলগুলো খেলোয়াড় কিনতে যেখানে খরচ করেছে ৩৯ কোটি সেখানে খেলোয়াড় বিক্রি করে আয় করেছে ৪৯ কোটি ২৬ লাখ ইউরো। সুতরাং তাদের লাভের পরিমাণ ১০ কোটি ২৬ লাখ ইউরো।

অবশ্য ইপিএলের চেয়ে লা লিগার দলগুলো খরচ কম করলেও ট্রান্সফারের বিশ্ব রেকর্ড করেছে কিন্তু স্পেনের দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১০ কোটি ইউরোর ‘ট্রান্সফার ফি’তে টটেনহ্যাম থেকে গ্যারেথ বেলকে কিনেছে সান্তিয়াগো বার্নাবেউয়ের দলটি।

তাছাড়া দলবদলের শুরুতে সান্তোস থেকে নেইমারকে কিনতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ব্যয় করেছিল বার্সেলোনা।

৪০ কোটি ৯৭ লাখ ইউরো খরচের বিপরীতে সেরি আর দলগুলো আয় করেছে ৪১ কোটি ২৮ লাখ ইউরো।

পুরনো খবর:

রেকর্ড গড়ে আর্সেনালে ওজিল