২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড গড়ে আর্সেনালে ওজিল

ইউরোপীয় ফুটবলের দলবদলের শেষ দিন সবচেয়ে বড় চমক হয়ে এসেছিল মেসুত ওজিলের আর্সেনালে পাড়ি জমানোর সম্ভাবনার খবর। দিনের শেষে সেটাই সত্যি হলো। সোমবার রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে লন্ডনের ক্লাবটিতে যোগ দিলেন এই জার্মান ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 08:14 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালের ইতিহাসে ওজিলই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। আগের রেকর্ডটি ছিল দেড় কোটি পাউন্ডের। ২০০৯ সালে জেনিত সেন্ট পিটার্সবেগ থেকে আন্দ্রে আরশাভিনকে কিনতে ঐ পরিমাণ অর্থ খরচ করেছিল দলটি।   

সোমবার তাড়াহুড়ো করে জার্মানিতেই ওজিলের স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। জাতীয় দলে খেলতে ২৪ বছর বয়সী এই খেলোয়াড় রিয়াল থেকে দেশে ফিরেছিলেন।

এর আগে কখনই ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএলে খেলেননি ওজিল। তাই ভিন্ন পরিবেশে যোগ দিতে গিয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তিনি। তবে রিয়ালের সুখস্মৃতি মনে রেখেই নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা জানালেন।

এ ব্যাপারে স্কাই টিভিকে জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচ খেলা এই মিডফিল্ডার বলেন, “রিয়ালে আমি দারুণ তিনটি বছর কাটিয়েছি। যেখানে আমি একজন অ্যাথলেট ও সত্যিকারের মানুষ হয়ে উঠেছি। তবে এখন আমি ইপিএলে আর্সেনালের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।”

রিয়ালের সাবেক এই তারকা আরো বলেন, “আর্সেন ভেঙ্গার (আর্সেনালের কোচ) সঙ্গে কথা হয়েছে। এখন থেকে প্রতি ম্যাচেই ক্লাব (আর্সেনাল) ও ভক্তদের বিশ্বাসের প্রতিদান দেবো। দলকে একটা শিরোপা জিততে সাহায্য করতে চাই।”

রিয়ালের হয়ে ১৫৫ টি ম্যাচ খেলা ওজিলকে পেয়ে দারুণ খুশি কোচ ভেঙ্গাও। তিনি বলেন, “মেসুত ওজিলকে দলে আনতে পেরে আমরা খুব খুশি। সে দারুণ এক খেলোয়াড়। ক্লাব ও জাতীয় দলের হয়ে সে তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। আমরা দেখেছি এবং তার যে মেধা রয়েছে তার সম্মান জানাই। ঠিক ঐ রকম মেধা আর্সেনালের খেলোয়াড়দের মাঝেও আমি খুঁজি।”