২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনির আশা ছাড়লেন মরিনিয়ো

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ওয়েইন রুনিকে চেলসিতে আনার চেষ্টায় ক্ষান্ত দিয়েছেন কোচ জোসে মরিনিয়ো। জানিয়েছেন, রুশ ক্লাব আনঝি মাখাচকালা থেকে আনা স্ট্রাইকার স্যামুয়েল এতোকে নিয়েই সন্তুষ্ট তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

দলবদলের শুরু থেকেই ইংল্যান্ড তারকা রুনিকে দলে টানার চেষ্টা করছিলেন মরিনিয়ো। কিন্তু গত সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ-চেলসি ম্যাচের পর এটা পরিষ্কার হয়ে যায় রুনি আর দল ছাড়তে চাইছেন না।

শুক্রবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে উয়েফা সুপার কাপ হারার পর রুনিকে আনার প্রসঙ্গে মরিনিয়ো বলেন, "না না, তাকে নিয়ে দু'পক্ষের আলোচনা ফুরিয়েছে।"

"স্যামুয়েল (এতো) আমাদের আক্রমণভাগের ধার বাড়াবে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়," রুনির বিকল্প হিসেবে নেয়া ক্যামেরুনের এই ফুটবলারের প্রশংসা করেন তিনি।

রুনি আসি আসি করেও না আসায় হতাশ হননি মরিনিয়ো। বরং তিনি মনে করেন, একজন খেলোয়াড়ের তা-ই করা উচিত যা তিনি তার ক্যারিয়ারের জন্য ভালো মনে করেন।

"না, আমি এতে কিছু মনে করছি না। প্রত্যেকেরই তার জীবন, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা আছে। আমি এটা সম্মান করি।"

এর আগে চেলসি কোচ দলবদলের শেষ মুহূর্ত পর্যন্ত রুনিকে দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন। ইংলিশ ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন ২ সেপ্টেম্বর।

পুরনো খবর:

আবার মরিনিয়োর সঙ্গে এতোর ‘জুটি’
রুনিকে পেতে মরিয়া মরিনিয়ো