২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার মরিনিয়োর সঙ্গে এতোর ‘জুটি’

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওয়েইন রুনিকে নিয়ে আসার চেষ্টায় বোধহয় ‘দাঁড়ি’ টেনে দিলেন জোসে মরিনিয়ো। নইলে রুশ ক্লাব আনঝি মাখাচকালা থেকে আরেক তারকা স্ট্রাইকার স্যামুয়েল এতোকে কেন নিয়ে আসবেন চেলসির কোচ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

এক বছরের জন্য চুক্তিবদ্ধ এতোকে পেতে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি চেলসিকে। কারণ আনঝির মালিক সুলেইমান কেরিমভ দলের ব্যয় কমানোর জন্য এতোকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মধুর স্বাদ পাওয়া এতো ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিতে এসে দারুণ খুশি। বিশেষ করে কোচ মরিনিয়োর সঙ্গে আবার জুটি বাঁধার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

২০০৯-১০ মৌসুমে মরিনিয়োর অধীনে ‘ট্রেবল’ অর্থাৎ তিনটি শিরোপা জয়ী ইন্টার মিলানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এতো বলেন, “এখানে এসে আমি খুবই খুশি। তবে কিছুটা উদ্বিগ্নও। কারণ আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই।”

“(এখানে যোগ দেওয়ার) সিদ্ধান্ত গ্রহণ আমার জন্য কঠিন ছিল না। চেলসির মান সম্পর্কে আমি ভালো মতোই অবগত। জোসে মরিনিয়োর অধীনে আগেও আমি ভালো ছিলাম। তাই সুযোগটা পেয়ে আমি আনন্দের সঙ্গেই তা গ্রহণ করেছি।”