২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ সেলাইয়ে ১০ কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি!

পিছলে পড়ে নাপোলি স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের আহত হওয়ার ঘটনায় ভীষণ ক্ষেপেছেন ক্লাব সভাপতি আউরেলিয় দে লরেন্তিস। তবে আর্জেন্টিনার এই তারকার ওপরে নয়। তার সব ক্ষোভ চিকিৎসকদের প্রতি, যারা দুর্ঘটনার পর হিগুয়াইনের মুখে সেলাই করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 05:02 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

পুরনো খবর:

অভিসারে গিয়ে আহত হিগুয়াইন

সোমবার ইতালির দক্ষিণ উপকূলের কাপরি দ্বীপের মারিনা পিক্কোলাতে বান্ধবীকে নিয়ে নৌকাভ্রমণে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ থেকে সদ্য নাপোলিতে যোগ দেয়া হিগুয়াইন। কিন্তু কপাল মন্দ তার। পিছলে পড়ে মাথায় ব্যথা পান তিনি। স্থানীয় একটি হাসপাতালে তাকে নেয়া হলে চোয়ালে ও ভ্রুতে ১০টি সেলাই দেয়া হয়।

২৫ বছর বয়সী হিগুয়াইনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। কিন্তু নাপোলি সভাপতি মনে করছেন, তার দলের এই তারকা ফুটবলারকে হাসপাতালে যথোপযুক্ত চিকিৎসা দেয়া হয়নি।

Image
আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হচ্ছে হিগুয়াইনকে

আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হচ্ছে হিগুয়াইনকে

মঙ্গলবার ইতালির গণমাধ্যমকে তিনি বলেন, "ওই হাসপাতাল (চিকিৎসকরা) জানেই না কীভাবে ১০টা সেলাই করতে হয়।" এ জন্য পুরো পৌরসভা এবং ক্যামবানিয়া অঞ্চলের প্রশাসনের বিরুদ্ধে ১০ কোটি ইউরো ক্ষতিপূরণের মামলা করতে চান তিনি। "মোটামুটি মানের মেডিকেল সেবা না থাকায় আমি হতাশ। রোগী অভিনেতা, ফুটবলার অথবা একজন সাধারণ মানুষই হোক, হাসপাতালে তাকে অবশ্যই ঠিকমতো সেবা দিতে হবে।" "কাপরির মেয়র করেনটা কী? ওই অঞ্চলের প্রেসিডেন্টই বা কী করেন? রাজনীতিবিদদের একটা শিক্ষা দিতে হবে", ক্ষোভে ফেটে পড়েন লরেন্তিস। তিনি জানান, ক্ষতিপূরণ আদায় করে তা দাতব্য কোনো কাজে ব্যয় করা হবে। কাপরির মেয়র সিরো লিমবো অবশ্য দাবি করেছেন, হিগুয়াইনকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। "তার (লরেন্তিস) এ ধরণের মন্তব্য করা উচিত হয়নি। আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। চিকিৎসকরা কিন্তু হিগুয়াইন ও তার বন্ধুদের ধন্যবাদ পেয়েছিলেন। আর লরেন্তিস তো খেলোয়াড়টিকে না দেখেই এ মন্তব্য করেছেন। আমি জানি না, তিনি চিকিৎসকদের দুষছেন কেন?"