২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল দলের লক্ষ্য ‘ভালো করা’

দশম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রোববার নেপালের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ জাতীয় দল। প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য যতটা সম্ভব ভালো করা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান ও স্বাগতিক নেপাল। ৩১ অগাস্ট প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ৩ সেপ্টেম্বর ভারত ও ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে লড়াই।

৮ ও ৯ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল ও ১১ সেপ্টেম্বর ফাইনাল হবে।

সাফ ফুটবল উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, “আমাদের লক্ষ্য প্রত্যেক ম্যাচে জয় পাওয়া। ছেলেরা তাদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছু করতে পারবো। তবে কাজটা সহজ হবে না।”

“কারণ আমাদের গ্রুপে আছে ভারতের মতো শক্তিশালী দল। গ্রুপের অন্য দুই দল স্বাগতিক নেপাল ও পাকিস্তানও শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল।”

দলের চোট সমস্যা নিয়ে চিন্তিত ডি ক্রুইফ। তিনি বলেন, “দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় অধিনায়ক মামুনুল ইসলাম চোট আক্রান্ত। তার ডান হাঁটুতে ব্যথা। আশা করি সে দ্রুত সেরে উঠবে।”
গত বুধবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোটে পড়েন মামুনুল।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ে এমআরআই করানোর পর অবশ্য সুখবরই দিয়েছেন ডা. ইমরান আহমেদ। তিনি জানিয়েছেন, “এমআরআই এবং সিটিস্ক্যান রিপোর্টে মামুনুলের হাঁটুতে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আশা করি কয়েক দিনের মধ্যে তিনি মাঠে নামতে পারবেন।”

মামুনুল বলেন, “ব্যথা পাওয়ার সময় ভেবেছিলাম সাফ ফুটবলে বোধহয় খেলতেই পারবো না। আস্তে-আস্তে ব্যথা কমে যাওয়ায় সাহস বেড়ে গেছে। আশা করি প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবো।”

বাংলাদেশ দল: বিপ্লব ভট্টাচার্য্য, মামুন খান, শহীদুল আলম সোহেল, নাসির চৌধুরী, আরিফুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আশরাফ মাহমুদ লিঙ্কন, রায়হানুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুনুল ইসলাম, জামাল ভূঁইয়া, ইমন বাবু, সোহেল রানা, মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন, মোবারক হোসেন, মোনায়েম খান রাজু, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ ও ওয়াহেদ আহমেদ।