২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচ হওয়ার প্রস্তাব পেলেন আজহারউদ্দিন

ভারতের জম্মু ও কাশ্মিরের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে। রাজ্যটির ক্রিকেট সংস্থার (জেকেসিএ) প্রধান ফারুক আবদুল্লাহ একথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

তবে দুই পক্ষ এখনও এ নিয়ে চুড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বলে আবদুল্লাহ জানান।

কোচের প্রস্তাব পাওয়ার বিষয়ে ৫০ বছর বয়সী আজহারউদ্দিন অবশ্য নিজে থেকে কিছু জানাননি। তবে তার সহকারী মুজিব খান প্রস্তাব পাওয়ার খবর নিশ্চিত করেছেন।

“জেকেসিএর কোচ হওয়ার জন্য তিনি (আজহারউদ্দিন) প্রস্তাব পেয়েছেন। কিন্তু তা গ্রহণ করবেন কি না এখনও সিদ্ধান্ত নেননি।”

সাবেক এই ক্রিকেটার এ প্রস্তাবে রাজি হলেও ক্রিকেটে তার প্রত্যাবর্তনটা সহজ হবে না। কারণ ২০০০ সালে ম্যাচ পাতানোর দায়ে তাকে আজীবন নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

গতবছরের নভেম্বরে অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট অবশ্য আজহারের ঐ নিষেধাজ্ঞা বাতিল করে। কিন্তু বোর্ড কর্তৃক নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।

বর্তমানে উত্তর প্রদেশের একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আজহার।

১৯৮৫ থেকে ২০০০ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৯ টেস্টে ৪৫.০৩ গড়ে ছয় হাজার ২১৫ ও ৩৩৪ ওয়ানডেতে ৩৬.৯২ গড়ে নয় হাজার ৩৭৮ রান করেন আজহারউদ্দিন।