২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অডি কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ

ব্রাজিলের সাও পাওলোকে ২-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনালে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 11:26 AM

Updated : 25 Apr 2022, 07:04 PM

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মারিও ম্যানজুকিচ আর মিচেল ভাইজারের গোলে বুধবার রাতে স্বস্তির জয় তুলে নেয় স্বাগতিকরা। বৃহস্পতিবার রাতে ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটির বিপক্ষে খেলবে তারা।

কয়েকদিন আগে জার্মান সুপার কাপে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যাওয়া দলে আটটি পরিবর্তন আনেন কোচ পেপ গার্দিওলা। মাঠে নামান চোট থেকে ফেরা ম্যানুয়েল নয়ার আর ফ্রাঙ্ক রিবেরিকে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে ভালো খেললেও গোলের দেখা পায়নি বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ম্যানজুকিচকে মাঠে নামানোর পরে যেন প্রাণ ফিরে পায় স্বাগতিকরা।

ম্যাচের ৫৫ মিনিটে আরিয়ান রোবেনের ক্রস থেকে ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ম্যানজুকিচ। খেলা শেষ হওয়ার কিছু আগে জয় নিশ্চিত করেন ভাইজার।

অডি কাপের ফাইনালের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাও পাওলো খেলবে ম্যানচেস্টার সিটির কাছে ৫-৩ গোলে হারা এসি মিলানের সঙ্গে।