লন্ডনে রিলেতে সেরা বোল্টের জ্যামাইকা
লন্ডনে ডায়মন্ড লিগে ১০০ মিটার দৌড়ে জেতার পর এবার দলকে ৪*১০০ মিটার রিলেতেও জেতালেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
শনিবার বিকেলে প্রতিযোগিতার আকর্ষণীয় এই ইভেন্টে জ্যামাইকার স্প্রিন্টাররা ৩৭ দশমিক ৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে। মারিও ফরসিথ, কেমার বেইলি-কোল আর ওয়ার্নার উইয়ারকে নেতৃত্ব দেন ছয়টি অলিম্পিক স্বর্ণপদকের মালিক বোল্ট।
"আমার সহঅ্যাথলেট যাদের আমি প্রতিদিন দেখি, তাদের সঙ্গে দৌড়াতে পারাটা আনন্দের। আমি মনে করি আমার এখন বয়স হয়েছে, তাই আমি দলনেতা হিসাবে আমার অভিজ্ঞতা থেকে তাদের সাহায্য করতে পারবো।"
শুক্রবার মৌসুম সেরা ৯.৮৫ সেকেন্ডে ১০০ মিটার জেতেন গত লন্ডন অলিম্পিকে তিনটি সোনার পদক পাওয়া বোল্ট।
১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী বোল্টের লক্ষ্য এবার আগামী মাসে মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।
"আমার হাতে এখন দুই সপ্তাহ সময় আছে। এর মধ্যে আমাকে কিছু কাজ করতে হবে। আমরা নিশ্চিত যে, ওখানে আমরা আরো ভালো করবো"
ডায়মন্ড লিগের ৩ হাজার মিটার জেতেন লন্ডন অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটার দৌড়ে সোনা জেতা ব্রিটেনের মো ফারাহ।
