২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার লন্ডন মাতালেন বোল্ট

অলিম্পিকের এক বছর পর লন্ডনে ফিরে এসে নিজের সেরাটা আবার দেখালেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। শুক্রবার ডায়মন্ড লিগ মিটের লন্ডন আসরে নিজের মৌসুম সেরা সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

স্টেডিয়ামের ৬০ হাজার দর্শককে মোহিত করে ৯.৮৫ সেকেন্ডে অনায়াসেই ১০০ মিটারে প্রথম হন জ্যামাইকার এই অ্যাথলেট। এ বছরে এটা তার সেরা সময়। আগামী মাসে মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চাম্পিয়নশিপের আগেই সেরা ফর্মে পৌঁছার ইঙ্গিত দিলেন ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ডের মালিক বোল্ট।

বোল্টের পেছনে দৌড়ে যুক্তরাষ্টের মাইকেল রজার্স দ্বিতীয় (৯.৯৮ সেকেন্ড) ও জ্যামাইকার নেস্টা কার্টার (৯.৯৯) তৃতীয় হয়েছেন।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনটি সোনাজয়ী বোল্ট একই স্টেডিয়ামে আবার ফিরে আসতে পেরে খুবই আনন্দিত।

স্টেডিয়ামে বোল্টের আগমনটাও হয় দেখার মতো। সঙ্গীতের মধ্য দিয়ে একটি রকেটের উপরে উঠে স্টেডিয়াম চক্কর দেন তিনি। অদ্ভুত এই যানের মঞ্চে জ্যামাইকার পতাকা হাতে নেচে আর স্বভাবসুলভ অঙ্গভঙ্গিতে দর্শকদের শুভেচ্ছার জবাব দেন বোল্ট।

“আমি আবার লন্ডনে ফিরে আসতে পেরে খুবই উত্তেজিত। এখানকার দর্শকরা আমাকে জোরে দৌড়াতে অনেক শক্তি যোগায়।”

তবে নিজের দৌড়ের শুরুটা নিয়ে সন্তুষ্ট নন বোল্ট, “দৌড়ের শুরুটা হয়েছে ধীরগতির। আমাকে এটা নিয়ে আরও কাজ করতে হবে। আশা করছি, মস্কোতে এটা আরও ভালো হবে।”

ছয়টি অলিম্পিক স্বর্ণপদকের মালিক বোল্ট শনিবার এখানে ১০০ মিটার রিলেতেও দৌড়াবেন।