সিনক্রোনাইজড সুইমিংয়ে রুশ আধিপত্য
বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের সিনক্রোনাইজড সুইমিংয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে রাশিয়া। শুক্রবার দলীয় ফ্রি-রুটিনেও সেরা হয়েছে দেশটি।
৯৭.৪০০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছে রাশিয়া। আর রুপা ও ব্রোঞ্জ জয়ী স্পেন এবং ইউক্রেনের পয়েন্ট যথাক্রমে ৯৪.২৩০ ও ৯৩.৬৪০।
জলক্রীড়ার এই ইভেন্টে সর্বমোট সাতটি সোনার লড়াই হবে। যার মধ্যে এ পর্যন্ত প্রথম পাঁচটির সবকটিতেই সোনা জিতলো রাশিয়ানরা। বাকি আছে দলীয় টেকনিক্যাল ও মিশ্র ফ্রি-রটিনের সোনার লড়াই।
স্পেনের বার্সেলোনায় চলছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। প্রতিযোগিতার ১৫তম আসরে ১৮১টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
