২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবার্তাদোরেস জিতে কথা রাখলেন রোনালদিনিয়ো

প্রথম লেগে হেরেও কোপা লিবার্তাদোরেস জিতে নিল রোনালদিনিয়োর দল আতলেতিকো মিনেইরো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তে স্টেডিয়ামে ফাইনালের দ্বিতীয় লেগে প্যারাগুয়ের অলিম্পিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে আতলেতিকো। প্রথম  লেগে ০-২ গোলে হারার পর দ্বিতীয় লেগ ২-০ গোলে জেতে মিনেইরো। দুই লেগ মিলিয়ে ফাইনাল অমিমাংসিত হওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময় পেরিয়ে গড়ায় টাইব্রেকারে।

দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদার এই টুর্নামেন্টের শিরোপা প্রথমবারের মতো ঘরে তুললো অলিম্পিয়া। ফাইনালের প্রথম লেগে অলিম্পিয়ার কাছে হারার পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন মিনেইরোর প্লে-মেকার রোনালদিনিয়ো; কথা রেখেছেন তিনি।

সেমিফাইনালে প্রথম লেগেও আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে  ২-০ গোলে পিছিয়ে ছিল আতলেতিকো মিনেইরো। দ্বিতীয় লেগে ২-০ গোলে জেতার পর ট্রাইব্রেকারে তাদের হারিয়ে ফাইনালে উঠে ব্রাজিলের দলটি।

১-০ গোলে এগিয়ে থেকেও দুই লেগ মিলিয়ে হারের শঙ্কায় ছিল মিনেইরো, কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে ডিভেন্ডার লিওনার্দো সিলভার গোলে ম্যাচে ফিরে তারা। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে মিনেইরোকে এগিয়ে নিয়েছিরেন স্ট্রাইকার জো। সাত গোল করে টুর্নামেন্টে শীর্ষ গোলদাতা হয়েছেন তিনি।

দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ২-২ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোলশূন্য অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে অলিম্পিয়ার প্রথম পেনাল্টি শটটিই পা দিয়ে ঠেকিয়ে দেনন গোলরক্ষক ভিক্তর। আর অলিম্পিয়ার মাটিয়াস জিমেনেজের শট পোস্টে লাগলে প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা নিশ্চিত হয় মিনেইরোর।

মিনেইরোর হয়ে পেনাল্টি শুটআউটে লক্ষ্যভেদ করেন আলেকহান্দ্রো, গুইহেরমে, জো আর লিওনার্দো সিলভা। অলিম্পিয়ার হয়ে পেনাল্টিতে গোল করেন হুয়ান ফেরেইরা, সালুসতিনো কানদিয়া ও লরেঞ্জো আরান্দা।

দুই বার বিশ্বসেরা হওয়া রোনালদিনিয়োর আরেকটি স্বপ্ন তাই পূরণ হলো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ আর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর দক্ষিণ আমেরিকার এই শিরোপা জয়েও ভূমিকা রাখলেন তিনি।

ম্যাচ শেষে তাই এই প্লেমেকার বলেন, "এ জন্যই আমি ব্রাজিলে ফিরে এসেছিলাম। কিছু সময় আগেও লোকে বলেছে আমি ফুরিয়ে গেছি, কিন্তু আমরা আজ দেখিয়ে দিয়েছি, তা ঠিক নয়।"