আবার হারলো ম্যানইউ
আবারো হেরে গেছে ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুম শুরুর আগে এশিয়া সফরে প্রীতি ম্যাচে তারা ৩-২ গোলে হেরেছে জাপানের স্থানীয় দল ইয়োকোহামা এফ. মারিনসের কাছে।
অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি ডেভিড ময়েসের অধীনে দ্বিতীয়বারের মতো হারলো রেড ডেভিলস নামে পরিচিত ম্যানচেস্টারের জনপ্রিয় দলটি। এর আগে থাইল্যান্ডের সিংহা অল স্টার্সদের কাছে ১-০ গোলে হেরেছিল রেড ডেভিলসরা।
তবে গত শনিবার অস্ট্রেলিয়ার এ লিগ অল স্টার্সদের ৫-১ গোলে হারিয়েছিল তারা।
মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম মিনিটেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার মারকুইনহোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৯ মিনিটে মিডফিল্ডার জেসি লিঙ্গার্ডের গোলে সমতায় ফেরে অতিথিরা।
৩১ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার মাসাকাজু তাশিরোর আত্মঘাতী গোলে এগিয়েও গিয়েছিল ম্যানইউ। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে জাপানি দলটি।
৪৯ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্যাবিও অ্যাগুইয়া ও ৮৭ মিনিটে স্ট্রাইকার ইয়োশিহিতো ফুজিতার লক্ষ্যভেদে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
