ময়েসের অধীনে ম্যানইউর জয়
এবার স্বস্তির নি:শ্বাস ফেলতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড ময়েস। অস্ট্রেলিয়া সফরে দেশটির এ-লিগ অল স্টার্সদের ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তার দল।
গত সপ্তাহে এভারটনের সাবেক এই কোচ ময়েসের অধীনে প্রথম ম্যাচে থাইল্যান্ডের সিংহা অল স্টার্সদের কাছে ১-০ গোলে হেরেছিল রেড ডেভিলসরা।
শনিবার সিডনিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মিডফিল্ডার জেসি লিঙ্গার্ড ও স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আলবেনিয়ার স্ট্রাইকার বিসার্ট বেরিশার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।
কিন্তু দুই মিনিট বাদে লিঙ্গার্ডের দ্বিতীয় গোলে আবারো ব্যবধান বাড়ায় ইউনাইটেড। বাকি সময়ে ওয়েলবেকের দ্বিতীয় লক্ষ্যভেদ ও শেষদিকে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা
