প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের জয়
আগামী সেপ্টেম্বরে নেপালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা উপলক্ষে চতুর্থ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জাতীয় ফুটবল দল। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-১ গোলে বাফুফে একাদশকে হারিয়েছে।
জাতীয় দলের দুটি গোলই করেন স্ট্রাইকার তকলিস আহমেদ। পেনাল্টি থেকে বাফুফে একাদশের একমাত্র গোলদাতা ইউসুফ সিফাত।
খেলা শেষে জাতীয় দলকে নিয়ে সন্তোষ প্রকাশ করে কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, “দলের খেলায় সামান্য ভুল-ত্রুটি থাকলেও সে সব তেমন বড় কিছু নয়। ছেলেরা ভালোই খেলেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। এমন কর্দমাক্ত মাঠে খেলা খুবই কষ্টসাধ্য। তারপরও ছেলেরা চেষ্টা করেছে নিজেদের প্রমাণ করার।”
এই ডাচ কোচ আরো বলেন, “প্রতিপক্ষের চেয়ে জাতীয় দল অনেক বেশি গোছানো ছিল। যদিও শেষ ১০-১৫ মিনিট তারা মনযোগ হারিয়ে ফেলে। তবে রক্ষণভাগ খারাপ খেলেনি। ডিফেন্ডার ইয়ামিন আহমেদ মুন্নার ভুলে পেনাল্টি হয়েছে। নইলে হয়তো গোল হতো না।”
চোট কাটিয়ে ফরোয়ার্ড জাহিদ হোসেন ও স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি অবশেষে মাঠে নামায় ডি ক্রুইফ আনন্দিত। তিনি বলেন, “জাহিদ ও রনি ৪৫ মিনিট খেলেছে। দীর্ঘ দিন চোটের সঙ্গে লড়াই করায় তাদের দেখে নেয়া ভীষণ দরকার ছিল। দুজনের খেলা দেখেই আমি খুশি।”
ক্যাম্পে সদ্য যোগ দেয়া জার্মানি প্রবাসী ফুটবলার রিয়াসাত খাতন সম্পর্কে ডি ক্রুইফ বলেন, “রিয়াসাত পুরোপুরি ফিট নয়। সকালে আমরা কঠোর অনুশীলন করেছি। তাই আমি তাকে ১০-১৫ মিনিট খেলিয়েছি। আগামীতে তাকে আরো বেশি সময় খেলার সুযোগ দেয়া হবে।”
