অবসর ভেঙ্গে ফিরছেন হিঙ্গিস
বিশ্বের সাবেক এক নম্বর টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস অবসর ভেঙ্গে কোর্টে নামছেন।
৩২ বছর বয়স্ক এই সুইস তারকা স্লোভাকিয়ার দানিয়েলা হানতুচোভার সঙ্গে জুটি বেধে এ মাসের শেষের দিকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনে খেলবেন। ২০০৭ সালের পর এটাই হবে ডব্লিউটিএ ট্যুরে তার প্রথম ম্যাচ।
টেনিস খেলার মতো 'ফিট' অবস্থায় আছেন জানিয়ে হিঙ্গিস বলেন, "সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের মাধ্যমে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আমি মুখিয়ে আছি। আমার মনে আছে সেই ১৯৯৭ সালে এখানে আমি একক ও দ্বৈতে জিতেছিলাম।"
মাত্র ১৬ বছর বয়সেই উইম্বল্ডন জিতে বিশ্বকে চমকে দেয়া মার্টিনা হিঙ্গিস পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন। গত শনিবারই তাকে টেনিসের হল অব ফেমে অন্তর্ভূক্ত করেন নেয়া হয়।
২০০৩ সালে গোড়ালির চোটের কারণে মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া হিঙ্গিস এছাড়াও দ্বৈত ও মিশ্র দ্বৈতে নয়টি গ্র্যান্ড স্লাম জেতেন।
২০০৬ সালে কোর্টে ফেরত এসেছিলেন হিঙ্গিস। তবে ড্রাগ টেস্টে তার কোকেইন সেবন ধরা পড়ায় ২০০৭ সালের নভেম্বরে দ্বিতীয়বারের মতো অবসরে যান তিনি।
কোনো ধরনের ড্রাগ ব্যবহারের কথা হিঙ্গিস অস্বীকার করলেও তার উপরে আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েননি তিনি।
