হল অব ফেমে মার্টিনা হিঙ্গিস
টেনিসের হল অব ফেমে ঠাঁই পেলেন পাঁচবার গ্র্যান্ড স্লাম জেতা মার্টিনা হিঙ্গিস। টেনিসের সবচেয়ে মর্যাদার এই ক্লাবে সবচেয়ে কম বয়সে (৩২) সদস্য হলেন সাবেক এই সুইস তারকা।
শনিবার রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে তাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে হিঙ্গিস বলেন, তিনি এ সম্মান পেয়ে অভিভূত।
১৯৯৭, ১৯৯৮ ও ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতেন মার্টিনা হিঙ্গিস, ১৯৯৭ সালে জেতেন উইম্বল্ডন ও ইউএস ওপেন। ২০৯ সপ্তাহ ধরে র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন তিনি।
চোটের কারণে মাত্র ২২ বছর বয়সে অবসরে যাওয়া হিঙ্গিস এছাড়াও দ্বৈত ও মিশ্র দ্বৈতে নয়টি গ্র্যান্ড স্লাম জেতেন।
চার বছর পর কোর্টে ফেরত এসেছিলেন হিঙ্গিস কিন্তু ড্রাগ টেস্টে কোকেইন সেবন করেছেন বলে ধরা পড়ায় আবার অবসরে যান তিনি। কোনো ধরনের ড্রাগ ব্যবহারের কথা হিঙ্গিস অস্বীকার করলেও তার উপরে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়েননি তিনি।
