আমি অজেয় নই: বোল্ট
এইতো কদিন আগেই আগামী অলিম্পিক পর্যন্ত ট্র্যাকে একচেটিয়া আধিপত্য ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন উসাইন বোল্ট। কিন্তু প্যারিস ডায়মন্ড লিগের ২০০ মিটার স্প্রিন্টে অংশ নেয়ার আগে ‘কঠিন বাস্তবতা’কেই যেন স্মরণ করলেন এই গতিমানব।
শনিবার ২০০ মিটারের এই ইভেন্টে বোল্ট ছাড়াও অংশ নেবেন এ বছর ১০০ মিটারে সেরা তিনটিই টাইমিংয়েরই অধিকারী যুক্তরাষ্ট্রের টাইসন গে।
গত মাসে রোম ডায়মন্ড লিগের ১০০ মিটারে সাবেক দ্রততম মানব যুক্তরাষ্ট্রের আরেক তারকা জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গিয়েছিলেন বোল্ট।
হারের সেই তিক্ত স্মৃতি মনে করেই কিনা বোল্ট বলেন, “কখনোই আমি নিজেকে অপরাজেয় বলিনি।”
তবে স্প্রিন্ট দুনিয়ার সিংহাসনটাকে ধরে রাখার আশাও ছাড়েননি জ্যামাইকান এই দ্রুতমানব।
তিনি বলেন, “সম্পূর্ণ সুস্থ এবং ফর্মের তুঙ্গে থাকলে কেউ আমাকে হারাতে পারবে না, সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী; কারণ নিজের ক্ষমতা সম্পর্কে আমি জানি।”
“তারপরও আপনি হারতেই পারেন। কখনো আপনি চোট পেতে পারেন, কখনো বা ফর্মহীনতায় ভুগবেন। এরকম অনেক ঘটনাই তো ঘটতে পারে,” যোগ করেন তিনি।
তবে এই প্রতিযোগিতার ২০০ মিটার দৌড় শুরুর আগে অবশ্য বেশ ভালো অবস্থাতেই আছেন বোল্ট। অসলো মিটে এই ইভেন্টে ১৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।
