২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক পর্যন্ত ট্র্যাকে আধিপত্য চান বোল্ট

রিও ডি জেনিরোয় ২০১৬ সালের অলিম্পিকে দ্রুততম মানবের খেতাব ধরে রাখার প্রত্যয় তো আগেই জানিয়েছেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। এবার জানালেন অলিম্পিকের আগ পর্যন্ত নিরংকুশ আধিপত্য বজায় রাখার কথা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Jul 2013, 11:33 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

আগামী শনিবার প্যারিস ডায়মন্ড লিগের ২০০ মিটারে অংশ নেবেন বোল্ট। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জ্যামাইকায় গত মাসের ট্রায়ালে স্বরূপে ফিরে আত্মবিশ্বাসী বোল্ট বলেন, “আগামী অলিম্পিক পর্যন্ত আমি ট্র্যাকে দাপিয়ে বেড়াতে চাই। সেজন্যে আমাকে কঠিন পরিশ্রম ও অনুশীলন করতে হবে এবং লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে।”

“ইতোমধ্যে আমি সবকিছু জিতেছি কিন্তু এখন আমাকে দেখাতে হবে যে আমি স্প্রিন্ট জগতকে শাসন করতে পারি। ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই সেরা থাকতে চাই,” যোগ করেন তিনি। 

৯ দশমিক ৯৪ সেকেন্ডে জাম্যাইকার ১০০ মিটার ট্রায়াল জিতে আগামী অগাস্টে মস্কোতে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহন নিশ্চিত করেছেন গতির রাজা বোল্ট। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ২০০ মিটারের জন্য ট্রায়ালে দৌড়াতে হয়নি তাকে।

ডায়মন্ড লিগের ২০০ মিটারের ইভেন্টে বেশ ভালো অবস্থাতেই আছেন বোল্ট। কারণ অসলোতে এই ইভেন্টের ১৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি।

তবে অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে টানা দুইবারের চ্যাম্পিয়ন উসাইন বোল্টের মৌসুমের শুরুটা কিন্তু ভালো হয়নি।

গত মাসে রোমে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের ১০০ মিটারে সাবেক দ্রততম মানব যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গিয়েছিলেন তিনি। পায়ের পেশির চোট (হ্যামস্ট্রিং) থেকে সেরে উঠে রোমের ট্র্যাকে নেমেছিলেন বোল্ট

তবে আগের মতোই আবারও বোল্ট বললেন, রোমের ঐ হার তার আত্মবিশ্বাসে কোন ফাটল ধরাতে পারেনি।

তিনি বলেন, “বছরের প্রথম পারফরম্যান্সে (রোমে) আমি মোটেও খুশি ছিলাম না। তবে গত বছরের শুরুটাও আমি খারাপ করেছিলাম।”

“চোট থেকে সেরে ওঠার পর যত বেশি আপনি দৌড়াবেন, তত বেশি আপনার পারফরম্যান্স ভালো হবে। প্রতিযোগিতায় অংশ নিতে নিতে আপনার শরীর আবারো সাড়া দেবে। ভুল চিহ্নিত করে তা সমাধানে কাজ করতে পারবেন,” যোগ করেন তিনি।

বোল্ট জানালেন, আগামী মাসে মস্কোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য এখন পুরোপুরি তৈরি তিনি।