শেষ চারে জোকোভিচ-মারে
উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ ও দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে।
দুই টেনিস তারকার শেষ চারে উত্তরণের ধরণ অবশ্য সম্পূর্ণ ভিন্ন। জোকোভিচ জিতেছেন সরাসরি সেটে। আর মারে অনেক ঘাম ঝরিয়ে, পাঁচ সেটের ‘ম্যারাথন’ লড়াইয়ে জিতে।
এবারের উইম্বলডনে এখনো একটিও সেট না হারা সার্বিয়ান জোকোভিচ হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের সপ্তম বাছাই টমাস বার্দাইচকে। খেলার ফলাফল ৭-৬ (৭/৫), ৬-৪, ৬-৩।
৭৭ বছর পর বৃটেনকে উইম্বলডনের পুরুষ এককের শিরোপা উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ মারে প্রথম দুই সেট হেরে গেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে হারিয়ে দিয়েছেন স্পেনের অবাছাই ফার্নান্দো ভারদাস্কোকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ খেলার ফলাফল ৪-৬, ৩-৬, ৬-১, ৬-৪, ৭-৫।
শুক্রবার সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আর্জেন্টিনার অষ্টম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রো। বাঁ হাঁটুর চোট উপেক্ষা করে দেল পোত্রো ৬-২, ৬-৪, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন স্পেনের চতুর্থ বাছাই ডেভিড ফেরারকে।
অন্য সেমিফাইনালে মারে খেলবেন পোল্যান্ডের জার্জি জানোউইজের বিপক্ষে। দুই পোলিশের লড়াইয়ে ২৪তম বাছাই জানোউইজ ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে অবাছাই লুকাস কুবোতকে হারিয়েছেন।
