ক্যাম্প থেকে প্রবাসী ফুটবলারের ‘প্রস্থান’
পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী ফুটবলার আনন্দ রহমান।
বুধবার সকালে দলের সহকারী কোচ রেনে কোস্টার এবং ব্যবস্থাপক ইকবাল হোসেনকে জানিয়ে ক্যাম্প ছেড়ে চলে যান তিনি।
যাওয়ার আগে আনন্দ বলেন, “বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমার কষ্ট হচ্ছে। এই পরিবেশে প্রশিক্ষণ নেয়া খুবই কষ্টকর। তাই আমি ক্যাম্প ছেড়ে দিতে বাধ্য হচ্ছি।”
কোস্টার অবশ্য তার পারফরম্যান্সে এমনিতেও তেমন সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, “আগে আমরা তার খেলা সামনা-সামনি দেখিনি। তার খেলার ভিডিও দেখে ক্যাম্পে ডেকেছিলাম। তবে ঢাকায় আসার পর তার খেলা দেখে আমার তেমন সন্তোষজনক বলে মনে হচ্ছে না।”
“সে অবশ্য নিজের সিদ্ধান্তে ক্যাম্প চলে ছেড়ে গেছে। আমরা তাকে বাদ দেইনি। এখনই বাদ দেয়ার কোনো পরিকল্পনাও ছিল না।”
ইকবাল হোসেন বলেন, “সে নিজে থেকে ক্যাম্প ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমাদের বলার কিছু নেই। অবশ্য সে আমাদের জানিয়েই গেছে।”
আনন্দ চলে গেলেও ক্যাম্পে আছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। তার খেলা কোস্টারের পছন্দও হয়েছে।
আগামী সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ ফুটবলের জন্য ঘোষিত দলে থাকা আরেক প্রবাসী রিয়াসাত খাতনকে নিয়ে ধোঁয়াশা কেটেছে। এতদিন বাফুফের সঙ্গে যোগাযোগ না করলেও অবশেষে তিনি জানিয়েছেন ১০ জুলাই ঢাকায় আসবেন।
জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ আসছেন শুক্রবার। ব্যক্তিগত কারণে কোস্টারের সঙ্গে না এসে কয়েক দিন পরে আসছেন তিনি।
