২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল বিশ্বকাপে বাধা কাঁদানে গ্যাস

ব্রাজিলে আগামী বছরের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলাকালে কাঁদানে গ্যাস বিঘ্ন ঘটাতে পারে বলে ফিফা আশঙ্কা করছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 10:23 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, রিও ডি জেনিরো স্টেডিয়ামে কনফেডারেশন্স কাপের ফাইনাল চলাকালে স্টেডিয়ামের বাইরের বিক্ষোভ দমাতে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের কিছুটা ঝাঁঝ স্টেডিয়ামেও এসে পৌঁছে। তখন খেলা চললেও বিশ্বকাপ চলাকালে এমনটি হলে খেলা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ফিফা।

স্পেন-ব্রাজিল ফাইনাল ম্যাচ চলাকালে মারাকানা স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। একই সময়ে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রবার বুলেট ছুড়ে পুলিশ।

কনফেডারেশন্স কাপের শুরু থেকেই সরকারের বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে লাতিন আমেরিকার এই দেশ।

কনফেডারেশন্স কাপ এবং আগামী বছর ফুটবল বিশ্বকাপের আয়োজনে যেভাবে টাকা খরচ হচ্ছে তাতেও ক্ষুব্ধ ব্রাজিলের আমজনতার একটি বড় অংশ।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়, টিয়ার গ্যাসের কবলে পড়েছিল কনফেডারেশন্স কাপের কয়েকটি ম্যাচ। রোববারের ফাইনালে ব্রাজিল দলের কয়েকজন সদস্যও কাঁদানে গ্যাসের ঝাঁঝে আক্রান্ত হয়েছিল।

ফিফার সেক্রেটারি জেনারেল জেরোম ভালকেকে সোমবার এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার দায়িত্ব সরকারের, এ ব্যাপারে আমরা তাদের কিছু বলতে পারি না।”

বিশ্বকাপের ম্যাচ চলার সময় এমনটা হলে কি হবে জানতে চাইলে তিনি বলেন, মাঠের ২২ জন খেলোয়াড় যখন খেলতে পারবে না, তখন তো ম্যাচ থামাতেই হবে।

ভালকে মনে করেন, বাইরে টিয়ার গ্যাস ছোড়া হলে তার স্টেডিয়ামে ঢোকা কোনোভাবেই ঠেকানো যাবে না।

“স্বেচ্ছাসেবকরা তো ফু দিয়ে টিয়ার গ্যাস উড়িয়ে দিতে পারবে না; আর আমরা তো বড় বড় পাখা চালিয়ে তা মাঠের বাইরে ফেরত পাঠাতে পারি না।”