২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সামনে ইতালির ‘বাধা’

‘ইউরো ২০১২’ ফাইনালের ঠিক এক বছর পর আবার মুখোমুখি স্পেন-ইতালি। এবার কনফেডারেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফর্তালেজায়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jun 2013, 09:21 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

কিয়েভে এক বছর আগের ফাইনাল ইতালিয়ানদের জন্য আজো এক দুঃস্বপ্নের মতো। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে উঠে ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন দেখছিল ‘আজ্জুরি’ নামে পরিচিত ইতালির ফুটবল দল। কিন্তু ফাইনালে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ইউক্রেনের রাজধানী থেকে মাথা নিচু করে দেশে ফিরতে হয় তাদের।

এবারো বাজির দরে এগিয়ে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ইতালিয়ানদের জন্য দুঃসংবাদ, উরুর চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথ থেকেই দেশে ফিরে যেতে হয়েছে তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে। অবশ্য চোট কাটিয়ে নির্ভরযোগ্য মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লোর ফেরাও চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য দারুণ স্বস্তির খবর।

দ্বিতীয় সেমিফাইনালে ‘ফেভারিট’ হলেও প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন কিয়েভের ঐ ফাইনালে খেলা সার্জিও রামোস। রিয়ালের মাদ্রিদের এই ডিফেন্ডার বলেন, “আমার মনে হয় ইউরোপিয়ান কাপের ফাইনালের চেয়ে এই ম্যাচ আমাদের জন্য অনেক বেশি কঠিন হবে। আমরা এক মুহূর্তের জন্যও নির্ভার থাকতে পারবো না। রোববার আমরা কনফেডারেশন্স কাপ জিততে চাই। এই ট্রফি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলের জন্য এবারের কনফেডারেশন্স কাপ সত্যিই গুরুত্বপূর্ণ। প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের অনন্য কীর্তি গড়া স্পেন শুধু বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তাই সেই অপূর্ণতা মুছে ফেলতে দৃঢ় প্রতিজ্ঞ ভিসেন্তে দেল বস্কের দল।