দ্বিতীয় ম্যাচেও ম্যান সিটির জয়
যুক্তরাষ্ট্র সফরে চেলসিকে দ্বিতীয় প্রীতি ম্যাচেও হারিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে তারা জিতেছে ৫-৩ গোলে।
তৃতীয় মিনিটে ইংল্যান্ডের মিডফিল্ডার গ্যারেথ ব্যারি ও ২৮ মিনিটে ফরাসি মিডফিল্ডার সামির নাসরির লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস একটি গোল ফিরিয়ে দিলেও ৫৪ মিনিটে ব্যবধান ৩-১ করেন বদলি হিসাবে নামা ইংল্যান্ডের আরেক মিডফিল্ডার জেমস মিলনার।
৬৮ মিনিটে রামিরেসের দ্বিতীয় গোলে আবার ব্যবধান কমায় চেলসি। কিন্তু পাঁচ মিনিট পর নাসরির দ্বিতীয় গোলে ৪-২ হয়ে যায় ব্যবধান।
৮১ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতা ৪-৩ করলেও তিন মিনিট পর বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকোর গোলে ম্যান সিটির জয় নিশ্চিত হয়ে যায়।
