এফএ কাপ জিততে মরিয়া ম্যান সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি। তবে ম্যানচেস্টার সিটির এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা। শনিবার লন্ডনের ওয়েম্বলিতে ফাইনালে তাদের প্রতিপক্ষ উইগান অ্যাথলেটিক।
লিগ শিরোপা নগর-প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হাতছাড়া করলেও রানার্স আপ হওয়া প্রায় নিশ্চিত। তবে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স ম্যান সিটিকে লজ্জা দেবেই। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় এফএ কাপ জিততে মরিয়া রবার্তো মানচিনির দল।
দুই বছর আগেও এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যান সিটি। এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় তাদের পাঁচটি শিরোপা এসেছে ১৯০৪, ১৯৩৪, ১৯৫৬, ১৯৬৯ ও ২০১১ সালে। অন্যদিকে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শঙ্কায় থাকা উইগানের এটাই প্রথম এফএ কাপের ফাইনালে উত্তরণ।
ম্যান সিটির জন্য সুখবর, পায়ের চোট কাটিয়ে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে ফাইনালে খেলতে প্রস্তুত। তিনি বলেন, “আমি সম্পূর্ণ সুস্থ। তিন দিন আগে আমি অনুশীলন শুরু করেছি আর এখন আমি ভালো আছি। আমি সবাইকে একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই। দলকে গুরুত্বপূর্ণ অর্জনে সাহায্যও করতে চাই।”
