আর ৬ পয়েন্ট চাই বার্সার
লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা। বাকি ৬ ম্যাচে আর ৬ পয়েন্ট পেলেই এক মৌসুম পর শিরোপা ফিরে পাবে তারা।
শনিবার জিতেছে রিয়াল মাদ্রিদও। গতবারের চ্যাম্পিয়নরা সহজেই ৩-১ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। স্বাগতিক রিয়ালের দুই গোল করেছেন মেসুত ওজিল, অন্য গোলটি করিম বেনজেমার।
ঘরের মাঠ নিউ ক্যাম্পে বার্সা অবশ্য সহজে জিততে পারেনি। অনেক প্রতীক্ষার পর ৮৪ মিনিটে তাদের মহামূল্যবান গোলটি এনে দেন সেস ফ্যাব্রেগাস।
৩২ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৮৪ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
