ম্যান ইউর ড্র, ম্যান সিটির জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও ম্যানচেস্টার সিটি ১-০ গোলে উইগান অ্যাথলেটিককে হারিয়েছে।
আরেক ম্যাচে চেলসি ৩-০ গোলে জিতেছে ফুলহ্যামের বিপক্ষে।
হোঁচট খেলেও ম্যান ইউ’র শিরোপা ফিরে পাওয়ার পথ রুদ্ধ না হওয়ারই কথা। ২০তম শিরোপা ঘরে তুলতে শেষ ৫ ম্যাচে আর ৬ পয়েন্ট প্রয়োজন তাদের।
৩৩ ম্যাচ থেকে ম্যান ইউ’র সংগ্রহ ৮১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ম্যান সিটির পয়েন্ট ৬৮। ৩২ ম্যাচেই ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি।
ওয়েস্ট হ্যামের আপটন পার্কে ১৭ মিনিটে রিকার্ডো ভাজ তের গোলে পিছিয়ে পড়া ম্যান ইউকে ৩১ মিনিটে সমতায় ফেরান আন্তনিও ভ্যালেন্সিয়া।
৫৫ মিনিটে মোহামেদ দিয়ামে আবার এগিয়ে দেন স্বাগতিকদের। ৭৭ মিনিটে রবিন ফন পার্সির লক্ষ্যভেদ এক পয়েন্ট এনে দেয় অ্যালেক্স ফার্গুসনের দলকে।
আগামী ১১ মে এফএ কাপের ফাইনালে উইগানের মুখোমুখি হবে ম্যান সিটি। ঐ ম্যাচের জন্য আত্মবিশ্বাস সঞ্চার করে রাখলেও ঘরের মাঠে উইগানকে সহজে হারাতে পারেনি তারা। দীর্ঘ প্রতীক্ষার পর ৮৩ মিনিটে লিগের গতবারের চ্যাম্পিয়নদের জয়সূচক গোল এনে দেন কার্লোস তেভেজ।
আরেক স্বাগতিক চেলসিকে অবশ্য জয়ের জন্য দুশ্চিন্তায় পড়তে হয়নি। জন টেরির দুটি ও ডেভিড লুইজের এক গোলে সহজেই জয় পায় তারা।
