শিরোপার পথে জুভেন্টাস
লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি-আ’র শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে জুভেন্টাস।
৩২ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৭৪ পয়েন্ট। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা মিলানের পয়েন্ট ৫৯। ৫১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লাৎসিও। আর ৬ রাউন্ড বাকি আছে সেরি-আ’র।
লাৎসিওর মাঠে জুভেন্টাসের জয়ের নায়ক চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ইতালির রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়নদের দুটি গোলই তার।
অষ্টম মিনিটে লাৎসিওর মিডফিল্ডার লরিক ক্যানা মিডফিল্ডার ক্লদিও মার্চিসিওকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। ভিদালের সফল পেনাল্টি এগিয়ে দেয় অতিথিদের।
২০ মিনিট পর স্ট্রাইকার মার্কো ভুসিনিচের পাস থেকে আবার লক্ষ্যভেদ করে গতবারের চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন ভিদাল।
