২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল, বার্সার সহজ জয়

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে। রিয়াল জারাগোজাকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়েছে বার্সেলোনা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Apr 2013, 04:57 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে রিয়ালের ১৩ পয়েন্টের ব্যবধান কমেনি। বাকি ৭ ম্যাচে ৯ পয়েন্ট পেলেই বার্সা চ্যাম্পিয়ন হয়ে যাবে।

বিলবাওয়ের মাঠে রিয়ালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দলের তিন গোলের দুটোই তার। এ নিয়ে টানা ৮ ম্যাচে গোল করলেন পর্তুগিজ তারকা। লিগে তার এখন ৩১টি গোল। শীর্ষে থাকা লিওনেল মেসির গোল ৪৩টি।

দ্বিতীয় মিনিটেই রোনালদোর ফ্রিকিক এগিয়ে দেয় গতবারের চ্যাম্পিয়ন রিয়ালকে। ৬৮ মিনিটে জাবি আলনসোর ফ্রিকিক থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করার কৃতিত্বও পর্তুগিজ তারকার। ৭৬ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন গঞ্জালো হিগুয়াইন।

জারাগোজা সফরে মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকেকে বিশ্রাম দিলেও জয় পেতে সমস্যা হয়নি বার্সার। ২০ মিনিটে থিয়াগো আলকানতারা এগিয়ে দেয়ার পর ৩৯ ও ৫৩ মিনিটে ক্রিস্টিয়ান তেল্লোর দুই গোলে সহজ জয় নিয়ে ঘরে ফেরে বার্সেলোনা।

ম্যাচ শেষে থিয়াগো বলেন, “আমরা মেসির অভাব অনুভব করেছি। তবে সে ছাড়াও আমাদের দলে প্রতিভাবান ফুটবলার আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব লিগ শিরোপা জিততে চাই। অবশ্য এখনো অনেক খেলা বাকি আছে আর আমরা এখনো শিরোপা জিতিনি।”

দিনের আরেক ম্যাচে রাদামেল ফ্যালকাওয়ের দুই গোলের সুবাদে গ্রানাদাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকোর অবস্থান তৃতীয়।