মায়ামিতে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
নোভাক জোকোভিচ মায়ামি মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেও বিদায় নিয়েছেন গত রোববার তার কাছে বিএনপি পারিবাস ওপেনের ফাইনালে হেরে যাওয়া হুয়ান মার্টিন দেল পোত্রো।
দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের লুকাস রোসোলকে সহজেই ৬-১, ৬-০ গেমে হারিয়েছেন পুরুষদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ। তবে জার্মানির টোবিয়াস কামকের কাছে ৭-৬(৭-৫), ৬-১ গেমে হেরে গেছেন দেল পোত্রো।
মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা। কানাডার ইউজেনি বুচার্ডকে ৬-২, ৬-০ গেমে হারিয়েছেন রুশ তারকা।
কিন্তু গোড়ালির চোটের কারণে এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনাল থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি।
