জিতেও ইন্টার মিলানের বিদায়
টটেনহ্যাম হটস্পারকে ৪-১ গোলে হারিয়েও লাভ হয়নি ইন্টার মিলানের। প্রতিপক্ষের মাঠে গোল করার নিয়মে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে টটেনহ্যাম।
ঘরের মাঠে প্রথম লেগ টটেনহ্যাম ৩-০ গোলে জিতেছিল। অর্থাৎ দুই লেগ মিলে ৪-৪ সমতা। কিন্তু ইন্টারের মাঠে মহামূল্যবান গোলটি শেষ আটে পৌঁছে দিয়েছে ইংল্যান্ডের ক্লাবটিকে।
কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ডের আরেক প্রতিনিধি চেলসিও। ঘরের মাঠে রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ফিরতি লেগে ৩-১ গোলের জয় পাওয়ায় ৩-২ অগ্রগামিতায় শেষ আটে জায়গা করে নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল স্বাগতিক স্টুয়া।
সান সিরোয় ২০ মিনিটের সময় স্ট্রাইকার আন্তোনিও কাসানোর গোলে এগিয়ে যায় ইন্টার। ৫২ ও ৭৫ মিনিটে আরেক স্ট্রাইকার রড্রিগো প্যালাসিও এবং চেলসির ডিফেন্ডার উইলিয়াম গ্যালাসের আত্মঘাতী গোল ৩-০ ব্যবধানে এগিয়ে দেয় স্বাগতিকদের।
অর্থাৎ তখন দুই লেগ মিলে ৩-৩ সমতা। নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৬ মিনিটে টোগোর স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরের লক্ষ্যভেদ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন উজ্জ্বল করে তোলে অতিথিদের। ১১০ মিনিটের সময় অবশ্য ইন্টারের বদলি মিডফিল্ডার রিকার্ডো গ্যাব্রিয়েল আলভারেজ ৪-১ গোলে এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু আর কোনো গোল না পাওয়ায় বড় ব্যবধানে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টারকে।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো। ৩৪ মিনিটে স্ট্রাইকার হুয়ান মাতার গোলে স্বাগতিকরা এগিয়ে গেলেও বিরতির ঠিক আগে ডিফেন্ডার লুলিয়ান কিরিচেসের লক্ষ্যভেদে সমতা ফিরিয়ে আনে স্টুয়া বুখারেস্ট।
৫৮ মিনিটে ডিফেন্ডার জন টেরি এবং ৭১ মিনিটে স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের গোলে শেষ আট নিশ্চিত হয়ে যায় চেলসির।
