২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শঙ্কায় ইন্টার মিলান, চেলসি

ইউরোপা লিগের ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোল দলের লড়াই থেকেই বিদায়ের শঙ্কায় ইন্টার মিলান ও চেলসি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Mar 2013, 12:13 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বৃহস্পতিবার রাতে প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ৩-০ গোলের হার নিয়ে ফিরেছে ইন্টার। আর চেলসি স্টুয়া বুখারেস্টের মাঠে ১-০ গোলে হেরে গেছে।

এছাড়া বাসেল ২-০ গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গকে, লাৎসিও একই ব্যবধানে ভিএফবি স্টুটগার্টকে, বেনফিকা ১-০ গোলে বোর্দোকে ও ফেনারবাচে সমান ব্যবধানে ভিক্টোরিয়া প্লজেনকে হারিয়েছে। আর লেভান্তে-রুবিন কাজান এবং নিউক্যাসল ইউনাইটেড-আনঝি মাখাচকালা গোলশূন্য ড্র করেছে।

ফিরতি লেগ ১৪ মার্চ হবে।

২০১০-১১ মৌসুমের ইউরোপা লিগের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ইন্টার ও টটেনহ্যাম। সান সিরোতে প্রথম লেগে স্বাগতিক ইন্টার ৪-০ গোলে এগিয়ে সহজ জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেলের হ্যাটট্রিকে ফলাফল দাঁড়ায় ৪-৩।

ঘরের মাঠে ফিরতি লেগ টটেনহ্যাম ৩-১ গোলে জিতেছিল।

এ মৌসুমে চরম অধারাবাহিক ইন্টার বৃহস্পতিবার অবশ্য বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি। ষষ্ঠ মিনিটেই দারুণ ছন্দে থাকা বেলের হেড এগিয়ে দেয় টটেনহ্যামকে। সর্বশেষ ৮ ম্যাচে ওয়েলসের এই মিডফিল্ডারের এটি দশম গোল।

১৮ মিনিটে আইসল্যান্ডের মিডফিল্ডার জাইলফি সিগুর্ডসন দ্বিগুণ করেন ব্যবধান। ৫৩ মিনিটে বিজয়ীদের তৃতীয় ও শেষ গোলটি বেলজিয়ান ডিফেন্ডার জ্যান ভার্টঙ্গেনের।

ডাইভিংয়ের অপরাধে হলুদ কার্ড পেয়ে নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়া বেল ফিরতি লেগে খেলতে পারবেন না। তবে তাতে ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহ্যামের তেমন সমস্যা হওয়ার কথা নয়।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসাবে পরের টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ের লজ্জা নিয়ে ইউরোপা লিগে খেলতে হচ্ছে চেলসিকে। তবে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টেও ব্যর্থ হওয়ার শঙ্কা চেপে ধরেছে তাদের।

১৯৮৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়ন স্টুয়া বুখারেস্টের জাতীয় স্টেডিয়ামে ৩৪ মিনিটের সময় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড রাউল রুসেস্কু।

শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে পড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা প্রায় শেষ। ইউরোপা লিগেও বিদায়ের সামনে দাঁড়ানোয় চেলসির কোচ রাফায়েল বেনিতেজ এখন আরো বেশি সমর্থকদের তোপের মুখে।

বেনিতেজ অবশ্য হাল ছেড়ে দিতে রাজি নন। খেলা শেষে তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে গোল করতে না পারলে টিকে থাকা খুব কঠিন। তবু আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে। আমরা হতাশ ঠিকই, কিন্তু ঘরের মাঠে জয় পাওয়ার বিশ্বাস রাখতে হবে আমাদের।”