২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চ্যাম্পিয়ন’ অ্যাতলেতিকোর বিদায়

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Feb 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শেষ ৩২ দলের লড়াইয়ের ফিরতি লেগে রাশিয়ার রুবিন কাজানের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরলেও অ্যাতলেতিকোর কোনো লাভ হয়নি। ঘরের মাঠে প্রথম লেগ ২-০ গোলে হারের মাশুল দিয়ে বাদ পড়তে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

বিদায় নিয়েছে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুলও। তবে পরবর্তী রাউন্ডে উঠেছে চেলসি ও ইন্টার মিলান।

রুবিনের বিপক্ষে অ্যাতলেতিকোর একমাত্র গোলটি করেন কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও, ৮৪ মিনিটের সময়।

৮৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে বেরিয়ে যান রুবিনের স্প্যানিশ ডিফেন্ডার সিজার নাভাস। তবে বাকি সময়টা দাঁতে-দাঁত-চেপে কাটিয়ে দিয়ে হেরেও জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা।

ফ্যালকাও তাই দলের জয়সূচক গোল করেও শেষ পর‌্যন্ত ‘ট্র্যাজিক নায়ক’। খেলা শেষে বিষন্ন কণ্ঠে তিনি বলেন, “খেলার শুরুতে গোল করতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যেত। তবে তারপরও দ্বিতীয় গোলের সুযোগ ছিল। আসলে ভাগ্যই আমাদের পক্ষে ছিল না”।

রাশিয়ার আরেক দল জেনিত পিটার্সবার্গকে লুইস সুয়ারেজের দুবারের লক্ষ্যভেদে ৩-১ গোলে হারালেও একই পরিণতি বরণ করতে হয় আরেক স্বাগতিক লিভারপুলকে। প্রথম লেগে জেনিত ২-০ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ফলাফল ৩-৩। তবে প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে শেষ ষোল দলে জায়গা করে নিয়েছে জেনিত।

চেক প্রজাতন্ত্রের স্পার্তা প্রাগের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে উঠেছে চেলসি। স্পার্তার মাঠে প্রথম লেগে চেলসি ১-০ গোলে জিতেছিল।

আরেক ম্যাচে রোমানিয়ার সিএফআর ক্লুজের মাঠে ৩-০ গোলে জিতেছে ইন্টার মিলান। প্রথম লেগে ইন্টার ২-০ গোলে জিতেছিল।