আগামী বিশ্বকাপেই গোল-লাইন প্রযুক্তি
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে গোল-লাইন প্রযুক্তি বা জিএলটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এক বিবৃতিতে এ কথা জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, “২০১২ সালের ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে গোল-লাইন প্রযুক্তির (জিএলটি) সফল ব্যবহারের পর, ২০১৩ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় কনফেডারেশন্স কাপ এবং ২০১৪ সালের বিশ্বকাপেও এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। জিএলটি ব্যবহারের লক্ষ্য, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করা।”
‘হকআই’ এবং ‘গোলরেফ’ নামের দুটি প্রযুক্তি এরই মধ্যে ফিফা টেকনিক্যাল কমিটির ছাড়পত্র পেয়েছে। গত ডিসেম্বরে জাপানে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের দুটি ভেন্যুতে এর প্রয়োগও করা হয়। যদিও ঐ প্রতিযোগিতার কোনো ম্যাচেই প্রযুক্তিটি ব্যবহারের প্রয়োজন পড়েনি।
অনেক দিন ধরেই ফুটবলে ‘জিএলটি’ ব্যবহারের দাবি। কিন্তু খেলাটার সৌন্দর্য্য নষ্ট হওয়ার কারণ দেখিয়ে ফিফা প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিল। তবে গত বিশ্বকাপের একটি বিতর্কিত ঘটনা মত পাল্টাতে বাধ্য করে ফিফাকে।
দ্বিতীয় রাউন্ডের এক আকর্ষণীয় ম্যাচে ৩৩ মিনিটের মধ্যে ২-০ গোলে জার্মানি এগিয়ে গেলেও পাঁচ মিনিট পর একটি গোল শোধ করে ইংল্যান্ড। ৩৯ মিনিটে ২-২ও হতে পারতো। কিন্তু হয়নি একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে।
ইংল্যান্ডের মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটি জোরালো শট ওপরের পোস্টে লেগে ভিতরে প্রবেশ করে। টিভি রিপ্লেতেও পরিষ্কার দেখা যায়, জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার শটটি বিপদমুক্ত করার আগেই বল গোল-লাইন অতিক্রম করে।
কিন্তু রেফারি গোলের বাঁশি বাজাননি, ইংল্যান্ডের ফুটবলারদের শত অনুরোধেও সিদ্ধান্ত পাল্টাননি।
হতোদ্যম ইংল্যান্ড দ্বিতীয়ার্ধে আর লড়াই করতে পারেনি। উজ্জীবিত জার্মানি ৪-১ গোলে জিতে চলে যায় কোয়ার্টার ফাইনালে।
