২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাকে হারিয়ে বরিশালের প্রতিশোধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে বরিশাল বার্নার্স। দুই দলের প্রথম দেখায় ঢাকা জেতে ৮ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

এই জয়ের পরও ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে গত আসরের রানার্সআপ বরিশাল। অন্য দিকে হারের পরও ১১ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে সিলেটকে পেছনে শীর্ষেই ঢাকা। এই দুই দল শুক্রবার ‘রেইস টু ফাইনাল’ এ খেলবে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় ঢাকা। জবাবে ১৩ ওভার ৩ বলে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

লক্ষ্য তাড়া করতে নেমে ড্যানলি জোসেফ লিয়াম (১৩), শুভাগত হোম চৌধুরী (২) ও আজহার মেহমুদ (২) দ্রুত বিদায় নিলেও বরিশালকে পথেই রাখেন অধিনায়ক ব্র্যাড হজ।

৪৯ রানে ৩ উইকেট হারালেও সাব্বির রহমানের সঙ্গে হজের ৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। ৭০ রানে অপরাজিত থাকেন হজ। ৪৪ তার বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা। এটি তার চতুর্থ অর্ধশতক।

৩৯ বল হাতে রেখে পাওয়া জয়ে সাব্বিরের বড় অবদান। ২৫ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে তিলকারত্নে দিলশানের ৪৯ রানের উদ্বোধনী জুটি ঢাকাকে সতর্ক সূচনা এনে দেয়। ৩৫ বলে ৩২ রান করে দিলশান ইলিয়াস সানির বলে হামিদ হাসানের ক্যাচে পরিণত হলে ভাঙ্গে ৯ ওভার ৪ বল স্থায়ী জুটি।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এনামুল হক বিজয়ের। একমাত্র তার ইনিংসই ছিল টি-টোয়েন্টি সুলভ। টানা দ্বিতীয় ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া আশরাফুল দলীয় ৭৪ রানে বিদায় নেয়ার আগে ৩১ বলে ২০ রান করেন।

আশরাফুলের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ঢাকার সংগ্রহ খুব একটা বড় হতে পারেনি। ২০ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে কোনোমতে একশ পেরুয় তারা।

বরিশালের পক্ষে আজহার মেহমুদ (৩/৭) ও আলাউদ্দিন বাবু (৩/২৪) তিনটি করে উইকেট নেন।