২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেটাফের বিপক্ষে বার্সার বড় জয়

স্প্যানিশ লা লিগায় রোববার বড় জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে গেটাফেকে ৬-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে টিটো ভিলানোভার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 06:59 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

২৩ খেলায় ২০তম এই জয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২৩ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

গোল খরায় ভোগা আলেক্সি সানচেজের ৬ মিনিটের গোলে এগিয়ে যায় বার্সা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন টানা চারবারের বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি। লিগে এটি মেসির ৩৫তম গোল।

প্রথমার্ধে ২-০ ব্যবধনা এগিয়ে থাকা স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে অতিথিদের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে।

৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করার কৃতিত্ব ডেভিড ভিয়ার। ৭৯ মিনিটে টেল্লোর গোলে ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৮৩ মিনিটে ভাসকুয়েসের গোলে ব্যবধান কমায় গেটাফে।

কিন্তু অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে জাল খোঁজে পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।