ব্রাজিল-আর্জেন্টিনার কঠিন পরীক্ষা
লন্ডনে ব্রাজিল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক সুইডেন।
বুধবার ব্রাজিল ও আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বিতার সামনে দাঁড়িয়ে। লন্ডনে ব্রাজিল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর আর্জেন্টিনাকে ঘরের মাঠে স্বাগত জানাবে সুইডেন। দ্বিতীয় বারের মতো কোচ হওয়ার পর লুই ফেলিপে স্কলারির অধীনে এটাই ব্রাজিলের প্রথম ম্যাচ।
দুটো খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম ওয়েম্বলিতে ইংল্যান্ডের ফুটবল সংস্থার (এফএ) ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচটি।
২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে গত ২৮ নভেম্বর স্কলারিকে কোচের দায়িত্বে ফিরিয়ে এনেছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।
ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনের জন্য মাত্র একদিন হাতে পেয়েছেন ফুটবল বিশ্বে ‘বিগ ফিল’ নামে পরিচিত স্কলারি। তবে এ নিয়ে তেমন চিন্তিত নন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক।
তিনি বলেন, “আমার মতে, এটা (কোচের দায়িত্ব) পূর্বসূরীর কাজেরই ধারাবাহিকতা। এই দলের ৭০-৮০ শতাংশ খেলোয়াড় আমি আগের দল থেকে নিয়েছি। তাই একদিন অনুশীলন করাকে আমি কোনো অজুহাত দেখাতে পারি না।”
স্কলারির হাত ধরে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন ১১ বছর আগে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনিয়ো।
দলে ফিরে আনন্দিত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, “দুই বড় দলের মধ্যে আয়োজিত ম্যাচটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমাকে প্রমাণ করতে হবে, আগামী বিশ্বকাপে দলের হয়ে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”
বুধবার শততম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক ছুঁতে যাচ্ছেন ইংল্যান্ডের ডিফেন্ডার অ্যাশলে কোল।
তবে কয়েক জনের চোটের কারণে স্বাগতিক দল কিছুটা অস্বস্তিতে। জার্মেইন ডেফো, মাইকেল ক্যারিক ও ড্যানিয়েল স্টুরিজের চোট সমস্যা আছে।
মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল। এর আগের ২৩টি লড়াইয়ে ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় মাত্র তিনটি, বাকি নয়টি ড্র। ব্রাজিলকে ইংল্যান্ড সর্বশেষ হারিয়েছিল ১৯৯০ সালে। এরপর টানা আট ম্যাচে তারা জয়ের দেখা পায়নি।
তবে ওয়েম্বলিতে ব্রাজিলের তেমন সাফল্য নেই। এই মাঠে আগের দশ ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সুইডেনের সোলনার ফ্রেন্ডস অ্যারেনায় আর্জেন্টিনাও কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছে সুইডিশরা।
গত অক্টোবরে বার্লিনে বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির বিপক্ষে ৪-০ গোলে পিছিয়ে পড়েও শেষ আধ ঘণ্টায় চার গোল করে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছিল তারা। পরের মাসেই এক প্রীতি ম্যাচে ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে।
আর্জেন্টিনাও অবশ্য সাফল্যের পথেই চলছে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে লিওনেল মেসির দল, বাকি দুটির একটি হার ও অন্যটি ড্র।
তবে সুইডেনকে কখনো হারাতে পারেনি আর্জেন্টিনা। আগের দুই লড়াইয়ের একটিতে জিতেছে সুইডেন, অন্যটি ড্র।
বুধবার তাই ডিয়েগো ম্যারাডোনার দেশের সামনে সুইডেন ‘জয়’ করারও চ্যালেঞ্জ।
