বাফুফের অর্থ সঙ্কট
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অর্থ সঙ্কটে জর্জরিত। সঙ্কট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে আর্থিক সহায়তা চেয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “জাতীয় দলের কোচিং খাতে ব্যয়ের জন্য বিওএর কাছে আমরা তিন কোটি টাকা চেয়েছি। এ ব্যাপারে অনুরোধ জানিয়ে তাদের আমরা চিঠিও দিয়েছি। আশা করছি শিগগিরই টাকাটা পেয়ে যাব।”
“আমার জানা মতে বিওএর তহবিলে প্রায় ২৫-২৬ কোটি টাকা আছে। তারা আমাদের অভিভাবক সংস্থা। তাদের কাছ থেকে টাকা পেলে আমরা উপকৃত হব,” যোগ করেন তিনি।
বুধবার বিওএর নব নির্বাচিত কমিটির প্রথম সভা। এই সভায় বাফুফেকে আর্থিক সহায়তা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
