জোকোভিচ-শারাপোভার সহজ জয়
প্রত্যাশা মতোই অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ ও মারিয়া শারাপোভা।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে কোনো অঘটনের জন্ম হয়নি। প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গত দুই বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও মেয়েদের টেনিসের অন্যতম তারকা মারিয়া শারাপোভা।
সোমবার প্রথম রাউন্ডে ফ্রান্সের পল হেনরি ম্যাথিউকে সরাসরি ৬-২, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন পুরুষদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জোকোভিচ।
দ্বিতীয় বাছাই রাশিয়ার শারাপোভা তো দাঁড়াতেই দেননি অবাছাই স্বদেশী প্রতিপক্ষ ওলগা পুচকোভাকে। ৬-০, ৬-০ গেমের একপেশে লড়াই শেষ হয়ে যায় ৫৫ মিনিটেই।
পুরুষ এককে জিতেছেন আট নম্বর বাছাই জাঙ্কো তিপসারেভিচ ও চার নম্বর বাছাই ডেভিড ফেরার। দুটি গ্র্যান্ড স্লাম জয়ী অস্ট্রেলিয়ার লেটন হিউইটকে ৭-৬(৭-৪), ৭-৫, ৬-৩ গেমে হারিয়েছেন সার্বিয়ার তিপসারেভিচ। বেলারুশের অলিভার রোচাসের বিপক্ষে স্পেনের ফেরারের জয়ও সরাসরি ৬-৩, ৬-৪, ৬-২ গেমে।
মহিলা এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস, অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার ও চীনের লি না।
২০১১ সালের ইউএস ওপেন জয়ী স্টোসার ৭-৬(৭-৩), ৬-৩ গেমে তাইপের কাই-চেন চাংকে, সাতটি গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস ৬-১, ৬-০ গেমে রাশিয়ার গালিনা ভসকোবোয়েভাকে এবং ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি না ৬-১, ৬-৩ গেমে বুলগেরিয়ার সেসিল কারাতানচেভাকে হারিয়েছেন।
