২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপেই দুই ডাচ কোচকে চায় বাফুফে

চুক্তি অনুযায়ী জাতীয় দলের প্রধান কোচ লুডউইক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের আসার কথা আগামী জুনে। সেপ্টেম্বরে সাফ ফুটবলকে সামনে রেখে তখনই জাতীয় দলের প্রশিক্ষণ শুরু করার কথা তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 06:59 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে স্বদেশ নেদার‌ল্যান্ডসে ফিরে গেছেন লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টার। সমঝোতা চুক্তি অনুযায়ী, আগামী জুনে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন ডি ক্রুইফ। তার সহকারী হবেন কোস্টার। কিন্তু মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপের আগেই দুজনকে নিয়ে আসতে চায় বাফুফে।

এ ব্যাপারে সোমবার দুই কোচের এজেন্টের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার আশা, এএফসি চ্যালেঞ্জ কাপের সময় কয়েক দিনের জন্য হলেও দুই ডাচ কোচ আসবেন।

দুজনের এজেন্ট বাফুফে সভাপতির কাছে জানতে চেয়েছেন, তারা এলে কী ধরণের বেতন-ভাতা ও বোনাস দেয়া হবে। কারণ চুক্তি অনুযায়ী তাদের আসার কথা আগামী জুনে। সেপ্টেম্বরে সাফ ফুটবলকে সামনে রেখে তখনই জাতীয় দলের প্রশিক্ষণ শুরু করার কথা ডি ক্রুইফ ও তার সহকারীর।

বাফুফে সভাপতি দুই কোচের এজেন্টকে তাদের চাহিদা অনুযায়ী বেতন-ভাতা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের পরবর্তী রাউন্ডে যেতে পারলে ১০ হাজার ইউরো বোনাস দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সালাউদ্দিন।

গত শনিবার চুক্তি স্বাক্ষরের সময় অবশ্য দুই কোচের কেউই এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। তবে বাফুফে তখনই এএফসি চ্যালেঞ্জ কাপের সময় অন্তত তিন সপ্তাহের জন্য তাদের আসার অনুরোধ করেছিল।

আগামী ২ থেকে ৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব হবে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ ফিলিস্তিন, উত্তর মেরিয়ানা দ্বীপপুঞ্জ ও স্বাগতিক নেপাল।