চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় দুই কোচ
ডাচ কোচ লুডউইক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের সঙ্গে বুধবারও চুক্তি করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য আশাবাদী, শিগগিরি দুই কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ডি ক্রুইফ ও কোস্টারকে নিয়ে ফুটবল লিগের খেলা দেখতে এসে তিনি বলেন, “দুই কোচের সঙ্গে আমাদের আলোচনা এখনো চলছে। তারা বেতন-ভাতা কিছুটা বেশি চাইছেন। আশা করি এ ব্যাপারে সমঝোতা হয়ে যাবে।”
“শুক্রবারের মধ্যে সমঝোতা হয়ে গেলে সেদিনই চুক্তি সম্পন্ন করার আশা করছি। তার পর দিনই তারা চলে যাবেন। ফিরবেন ২০ ফেব্রুয়ারির মধ্যে,” যোগ করেন বাফুফে সভাপতি।
এ প্রসঙ্গে ডি ক্রুইফ বলেন, “চুক্তির বিষয়ে এখনই কিছু বলতে চাই না। তবে সব কিছু ইতিবাচক বলেই মনে হচ্ছে।”
