ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল অ্যাকাডেমির জন্য অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের চূড়ান্ত বাছাই শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। এই কার্যক্রম পরিচালনা করছেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর জাঁ মিশেল বেনেজেত।
তার সঙ্গে আছেন ফিফার দুই কর্মকর্তা এশিয়া অঞ্চলের টেকনিক্যাল ডিরেক্টর ভিনসেন্ট সুব্রামানিয়াম ও ডেভিড বোরজা।
শনিবার সকাল থেকে তাদের সঙ্গে থাকা বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম বলেন, “ফিফার এই তিন জনই সবকিছু করেছেন। আমরা এবং স্থানীয় কোচরা শুধু তাদের সহযোগিতা করেছি। কয়েকটি ধাপে তারা প্রত্যেক ফুটবলারকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারপর ম্যাচ খেলিয়েও দেখে নিয়েছেন তারা।”
“সব শেষে ২৬ জনকে বাছাই করা হয়েছে। অভিভাবকদের সামনেই তাদের নাম ঘোষণাও করা হয়েছে। যারা বাদ পড়েছে তাদের হতাশ না হয়ে ভালোভাবে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ফিফার তিন কর্মকর্তা,” যোগ করেন তিনি।
তবে ২৬ জনকেই যে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে, তা নয়। চূড়ান্ত বাছাই হবে রোববার। তাদের সঙ্গে যোগ দেবে বাফুফের অনূর্ধ্ব-১৪ দলের সদস্যরা। এরপর সবাইকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে অনূর্ধ্ব-১৪ ফুটবলারের চূড়ান্ত বাছাই।
সোমবার হবে অনূর্ধ্ব-১৮ বয়সী ফুটবলারদের চূড়ান্ত বাছাই। এই তিন দিনে দুই বিভাগে ৩০ জন করে মোট ৬০ জনকে বাছাই করা হবে ফুটবল অ্যাকাডেমির জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০৩৯ঘ.
bdnews24