ঢাকা, ০১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অষ্টম সাফ ফুটবল হবে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ সদস্যভুক্ত প্রত্যেক দেশের প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ঢাকায় ফিরে শনিবার জানান এ সব তথ্য।
তবে গত বুধবারের এই সভায় সাফ ক্লাব কাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। যদিও সাফ সভাপতির দায়িত্ব নেয়ার পর এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সালাউদ্দিন। কিন্তু ঐ ঘোষণার চার বছর পরও টুর্নামেন্টটি আলোর মুখ দেখতে পারেনি।
আগামী বছর দ্বিতীয় অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল হবে ভারতে। টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু গোয়া। অবশ্য এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে আগামী বছরের তৃতীয় সাফ মহিলা ফুটবল আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। তবে এ ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বুধবারের সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৯ঘ.
bdnews24