ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যু ক্যাম্পে বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পার্তাক মস্কোকে ৩-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে স্প্যানিশ লা লিগার জায়ান্ট বার্সেলোনা।
ফিফার তিনবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি করেছেন দুই গোল। অন্য খেলায় মাইকেল ক্যারিকের একমাত্র গোলে গ্যালতাসারেকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
‘জি’ গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচে বার্সেলোনা অতিথি দলের বিপক্ষে এক পর্যায়ে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল। অনেকের মতে বর্তমান সময়ের সেরা ফুটবলার মেসির জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টিটো ভিলানোভার দল।
আগের রাতেই বার্নাব্যুতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম সুযোগেই মেসি প্রমাণ করে দিলেন, রোনালদো যা করেন তার চেয়ে ভালো করার সামর্থ্য তার রয়েছে।
ইউরোপের সেরা ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লিগে ৮১ ম্যাচে ৩৯ গোল করা রোনালদোর চেয়ে অনেক এগিয়ে মেসি, ৬৯ ম্যাচে ৫৩ গোল করেছেন আর্জেন্টিনার এই ফুটবল বিস্ময়।
অতিথিরা তীব্র লড়াই করলেও মেসি ম্যাচ শেষে স্প্যানিশ টেলিভিশনগুলোকে বলেন, জয় বার্সেলোনারই প্রাপ্য ছিল।
“কেউ যখন অনেক নিচে নেমে রক্ষণাত্মক হয়ে পড়ে এবং খেলার জন্য যথেষ্ট জায়গা পাওয়া না যায়, তখন এটা বেশ কঠিন হয়ে পড়ে।”
“ওরা নিজেদের রক্ষণভাগ খুব ভালো ভাবে সামলেছে। ওদের গতি বেশ ভাল ছিল; যে কোনো সময়ে বিপদ ঘটানোরও সামর্থ্য ছিল,” স্পার্তকের প্রশংসায় বলেন বার্সেলোনার হয়ে সর্বশেষ ১০০ ম্যাচে ১০৯ গোল করা মেসি।
এর আগে ১৪ মিনিটে চারবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দিয়েছিলেন টেলে¬া। পনের মিনিট পর খেলার ধারার বিপরীতে দানি আলভেজের আত্মঘাতী গোলে সমতা ফেরায় অতিথিরা। ৫৮ মিনিটে রোমলোর গোলে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে ২-১ গোলে এগিয়ে যায় স্পার্তাক। তবে মেসির জাদুকরী ফুটবলে শেষ পর্যন্ত পয়েন্ট ছাড়াই ফিরতে হয়েছে রাশিয়ার দলটিকে।
বার্সেলোনার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে জেরার্ড পিকের চোটের খবরে। খেলার ১২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়া পিকেকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকাতে হবে। আন্দ্রেস ইনিয়েস্তা ও কার্লোস পুয়োলের পর পিকের চোট ভিলানোভাকে বেশ অস্বস্তি¡তেই ফেলে দেবে।
গ্রুপের অন্য ম্যাচে গোল শূন্য ড্র করেছে সেল্টিক ও বেনফিকা।
‘এইচ’ গ্র“পের খেলায় ৭ মিনিটে ক্যারিকের গোলে এগিয়ে যাওয়া ম্যান ইউ শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে। ৫২ মিনিটে ন্যানি পেনাল্টি থেকে গোল করতে র্ব্য না হলে ব্যবধান আরো বাড়তে পারত।
তা না হলেও ওল্ড ট্র্যাফোর্ডে গ্যালতাসারের বিপক্ষে ‘ভীষণ গুরুত্বপূর্ণ’ ম্যাচে জয় দিয়ে লিগ শুরু করতে পারায় খুশি ম্যান ইউর কোচ স্যার আলেক্স ফার্গুসন।
ম্যাচ শেষে তিনি বলেন, “প্রথমার্ধে আমরা বেশ কবার ওদের কাছে বল হারিয়েছি আর ওরা বেশ ভালো ভাবেই প্রতি আক্রমণে গেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক গোছানো ছিলাম, এ সময় অনেকগুলো সুযোগও তৈরি করেছি।”
“প্রথম ম্যাচে তিন পয়েন্ট সব সময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে গত মৌসুমের আমাদের সঙ্গে যা হয়েছে,” চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউর একশতম জয় দেখার পর বলেন তিনি।
গ্রুপের অন্য খেলায় ব্রাগা নিজের মাঠে সিএফআর ক্রুজের কাছে ২-০ গোলে হেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৮৫০ ঘ.
bdnews24