ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার এটি উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পশ্চিম গেটের বাইরে ম্যুরালটি স্থাপন করা হয়েছে। এর নির্মাণ ব্যয় ১৪ লাখ ৫৫ হাজার ৩ শ’ টাকা। যদিও প্রাক্কলিত ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার টাকা।
ম্যুরালটির দৈর্ঘ্য ১৭ ফুট ৬ ইঞ্চি আর প্রস্থ ১৪ ফুট।
ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “বাংলাদেশে এখন রাজনীতির খেলা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, এই ম্যুরাল ক্রীড়ামোদীদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ করে দেবে। পাশাপাশি ক্রীড়া উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হতেও অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সঙ্গে ক্রীড়াঙ্গনকে সম্পৃক্ত করেছিলেন। ক্রীড়াঙ্গনে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যুরাল স্থাপন করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২১ঘ.
bdnews24