২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার ছেড়ে কিউপিআরে জুলিও সিজার

ইতালির দল ইন্টার মিলান ছেড়ে ইংল্যান্ডের কুইন্স পার্ক রেঞ্জার্সের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার দিমিতার বারবাতভের ফিওরেন্টিনায় যাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির দল ইন্টার মিলান ছেড়ে ইংল্যান্ডের কুইন্স পার্ক রেঞ্জার্সের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলের গোলরক্ষক জুলিও সিজার। ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার দিমিতার বারবাতভের ফিওরেন্টিনায় যাওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত। টানা সাত বছর ইন্টারের হয়ে খেলা সিজার বলেন, “আমি ইন্টার ছাড়বো। চমৎকার এই সাতটি বছরের জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই।” “আমি কুইন্স পার্ক রেঞ্জার্সকে বেছে নিয়েছি কারণ আমার মনে হয়েছে ইন্টারের চাইতে ওখানে আমি আরো বেশি খেলার সুযোগ পাব। এবং সারা বিশ্বের ফুটবল ভক্তরা প্রিমিয়ার লিগ দেখে,” যোগ করেন এই গোলরক্ষক। এদিকে সেরি আ’র দল ফিওরেন্টিনায় যোগ দেয়ার আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে বুধবার বারবাতভ ইতালিতে গেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। তাদের মধ্যে দুই বছরের চুক্তি হওয়ার কথা রয়েছে। ২০০৮ সালে ম্যান ইউর সবচেয়ে দামী (৩ কোটি ৭৫ লাখ পাউন্ড) খেলোয়াড় হিসেবে টটেনহাম হটস্পার থেকে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন বুলগেরিয়ার স্ট্রাইকার বারবাতভ। ২০১০-১১ মৌসুমে ২০টি গোল করে যৌথভাবে ইপিএলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ৩১ বছর বয়সী বারবাতভ। কিন্তু গত মৌসুমে অ্যালেক্স ফার্গুসনের দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। এদিকে স্পেনের মিডফিল্ডার জাভিয়ের মার্টিনেজের বায়ার্ন মিউনিখে যোগ দেয়াও প্রায় নিশ্চিত। যদিও তার বর্তমান দল অ্যাথলেতিক বিলবাও এখনো তাকে ধরে রাখতে উদগ্রীব। কিন্তু মিউনিখের সঙ্গে সবকিছু চূড়ান্ত করতে মঙ্গলবার মধ্যরাতে জার্মানিতে গেছেন মার্টিনেজ। শুক্রবার এই মৌসুমের দল-বদল শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৩ ঘ.