২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরাধ্য সোনায় ব্রাজিলের শেষ বাধা মেক্সিকো

দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে অলিম্পিকে ছেলেদের ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম অলিম্পিক সোনা জয়ের শেষ বাধা মেক্সিকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে অলিম্পিকে ছেলেদের ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম অলিম্পিক সোনা জয়ের শেষ বাধা মেক্সিকো। মঙ্গলবার রাতে লিয়ান্দ্রো ডামিয়াওয়ের জোড়া গোলে সহজেই ফাইনালে পৌঁছে যায় ব্রাজিল। আরেক সেমিফাইনালে জাপানকে মেক্সিকো হারায় ৩-১ গোলে। দ্বিতীয় সেমিফাইনালের শুরুতে ব্রাজিলকে চমকে দিয়েছিল দক্ষিণ কোরিয়া। প্রথম ২০ মিনিট ব্রাজিলের রক্ষণভাগকে বেশ ব্যস্ত রাখে এশিয়ার দলটি। এরপর অবশ্য খেলার চিত্র পাল্টে যায়। মাঝ মাঠ দখলে নিয়ে দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে দক্ষিণ আমেরিকার দলটি। ফল পেতেও বেশি দেরি হয় নি, ৩৮ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন রোমুলো। দ্বিতীয়ার্ধের শুরুটা ঠিক প্রথমার্ধের মতো। তবে এবার আরো দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে পাল্টা আক্রমণে যায় ব্রাজিল। ৫৭ মিনিটে নিজের প্রথম গোলটি করে ব্যবধান বাড়ান ডামিয়াও। ৭ মিনিট পর তার দ্বিতীয় গোলটি দক্ষিণ কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শেষ ৩০ মিনিট দক্ষিণ কোরিয়া মরিয়া হয়ে চেষ্টা করলেও তা দুই যুগ পর প্রথমবারের মতো ব্রাজিলের ফাইনালে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এর আগে প্রথম সেমিফাইনালে জাপানের শুরুটা ছিল আশা জাগানিয়া। ১২ মিনিটে ইউকি অটসোর গোলে এগিয়ে যায় এশিয়ার দেশটি। ৩১ মিনিটে মার্কো ফ্যাবিয়ানের গোলে সমতা ফেরায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে অরিব পেরালটার গোলে এগিয়ে যায় মেক্সিকো। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে জাপান। তাদের হতাশ করে অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান আরো বাড়ান হাভিয়ার কর্টেজ। অলিম্পিকে এই প্রথম ফাইনালে উঠলো কনকাকাফ অঞ্চলের দেশটি। ফাইনাল শনিবার বাংলাদেশ সময় রাত আটটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১২৬ ঘ.